সিলেটটুডে ডেস্ক

২৪ নভেম্বর, ২০২৬ ২২:৫৩

ডেটিং সাইটে নারী কণ্ঠে কথা বলতেন পুরুষেরা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

‘মেগা পার্সনাল’ নামের একটি ডেটিং অ্যাপে নারীর পরিচয় ধারণ করে পুরুষদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার প্রলোভন দেখাত একটি প্রতারক চক্র। ডেটিংয়ের সুযোগ করে দেওয়ার কথা বলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাতিয়ে নিত টাকা। কিন্তু চ্যাট কিংবা কথোপকথনের অপর প্রান্তে কোনো নারী থাকতেন না। চক্রের পুরুষ সদস্যরাই নারী সেজে কথা বলতেন। এমন প্রতারণার অভিযোগে ময়মনসিংহ নগরে অভিযান চালিয়ে ছাত্রদল নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ময়মনসিংহ নগরের সেনবাড়ি এলাকার একটি ভবন থেকে গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি ল্যাপটপ ও সাতটি মুঠোফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক নাঈম মণ্ডল (২৪), টাঙ্গাইলের ঘাটাইলের মনির হোসেন (২৩), বরিশালের মুলাদির মাসুদ আল মারুফ (২৫), ময়মনসিংহের ফুলবাড়িয়ার তানভীর আহম্মেদ (২৫), টাঙ্গাইলের ঘাটাইলের জিল্লুর রহমান (২৭), মজনু (২৬) ও মো. রাকিব (২০)। মনির হোসেন ময়মনসিংহ নগরের নাসিরাবাদ কলেজে, মাসুদ আল মারুফ ঢাকা মডেল ডিগ্রি কলেজে, তানভীর আহমেদ মুক্তাগাছা শহীদ স্মৃতি কলেজে এবং নাঈম মণ্ডল নগরের একটি বেসরকারি কলেজের শিক্ষার্থী।

মঙ্গলবার বেলা তিনটার দিকে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, তিনি বলেন, অনলাইনে প্রতারণার অভিযোগ পাওয়ার পর ডিবির একটি দল বিভিন্ন ডেটিং সাইটের কার্যক্রম পর্যবেক্ষণ শুরু করে। একপর্যায়ে ‘মেগাপারসোনাল ডটকম’ নামের একটি সাইটের সন্ধান পাওয়া যায়। সেখানে বিভিন্ন নারীর ছবি ব্যবহার করে দেশি-বিদেশি মুঠোফোন নম্বরের মাধ্যমে পুরুষদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল। ডেটিংয়ের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা আদায় করত চক্রটি।

পুলিশ সুপার জানান, টাকা দেওয়ার পর ভুক্তভোগীদের চ্যাট করার সুযোগ দেওয়া হলেও অপর প্রান্তে কোনো নারী থাকতেন না। চক্রের পুরুষ সদস্যরাই নারীর পরিচয়ে কথা বলতেন। এভাবে ভুয়া পরিচয়ে বিশ্বাস অর্জন করে অর্থ হাতিয়ে নেওয়াই ছিল তাঁদের মূল লক্ষ্য।

তিনি বলেন, অভিযানে জব্দ করা ল্যাপটপ ও মুঠোফোন প্রাথমিকভাবে পরীক্ষা করে বিপুলসংখ্যক নারীর ছবি, অশ্লীল ছবি এবং বিভিন্ন ব্যক্তির মুঠোফোন নম্বরসহ তথ্য পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে গত তিন মাস ধরে চক্রটির কার্যক্রম চালানোর তথ্য পেয়েছে পুলিশ। এ সময়ে শতাধিক ব্যক্তি প্রতারণার শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ভুক্তভোগীদের পরিচয় ও আর্থিক ক্ষতির পরিমাণ এখনো যাচাই করা হচ্ছে।

কামরুল হাসান আরও বলেন, চক্রটির সঙ্গে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এর সঙ্গে কোনো নারী জড়িত রয়েছেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে আপাতত তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। জব্দ করা ডিভাইসগুলো আদালতের অনুমতি নিয়ে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।

এ ঘটনায় ডিবির উপপরিদর্শক (এসআই) যুবরাজ দাস বাদী হয়ে মঙ্গলবার বিকেলে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পরে সাত আসামিকে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়। তবে মঙ্গলবার তাদের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ হেফাজতে থাকা চক্রের সদস্যদের সঙ্গে কথা বলে গণমাধ্যম। তাদের মধ্যে ছাত্রদল নেতা নাঈম মণ্ডল দাবি করেন, তিন-চার মাসে তিনি প্রায় তিন লাখ টাকা আয় করেছেন। অ্যাপে যুক্তরাষ্ট্রের নম্বর ব্যবহার করে টার্গেট করা ব্যক্তিদের সঙ্গে নারী পরিচয়ে মেসেজের মাধ্যমে কথা হতো এবং টাকা নিয়ে তারা যোগাযোগ বন্ধ করে দিতেন।

নাঈমের সাংগঠনিক পরিচয় প্রসঙ্গে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম বলেন, ‘নাঈম মণ্ডলের পুরো নাম রবিউল ইসলাম। তিনি ছাত্রদলের সাবেক এক নেতার মাধ্যমে দলে পদ পেয়েছিলেন। আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি।’

আপনার মন্তব্য

আলোচিত