সিলেটটুডে ডেস্ক

২৩ এপ্রিল, ২০১৬ ১৩:২৭

ঘাড় ও গলায় একাধিক কোপে শিক্ষক রেজাউল খুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতের ঘাড়ে ও গলায় তিন থেকে চারটি কোপের চিহ্ন রয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে নগরীর বোয়ালিয়া থানার শালবাগান এলাকায় নিজ বাসার সামনে খুন হন এই অধ্যাপক।

নিহতের ঘাড়ে ও গলায় তিন থেকে চারটি কোপের চিহ্ন পাওয়া গেছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন বোয়ালিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার গোলাম সাকলাইন।

তিনি বলেন, অধ্যাপক রেজাউলের ঘাড়ে ও গলায় তিন থেকে চারটি কোপ দেওয়া হয় ধারালো অস্ত্র দিয়ে। এতেই তার মৃত্যু হয়। মৃতদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীর বরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মামুন আব্দুল কাইয়ুম জানান, শনিবার সকাল ৭টা ৪০ মিনিটের বাসে অধ্যাপক রেজাউল করিম বিশ্ববিদ্যালয়ে আসার জন্য শালবাগান মোড়ে হেঁটে যাচ্ছিলেন। নিজ বাড়ি থেকে মাত্র ১০০ গজ দূরে আসার পরই গলির মধ্যে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুজন যুবক মোটরসাইকেলে এসে তাকে ঘাড়ে কোপ দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ প্রসঙ্গে সহকারী কমিশনার সাকলাইন বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে বিষয়টি আমরাও শুনেছি। এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নগরীর বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন খান জানান, হত্যাকাণ্ডের সঙ্গে কোনো জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে ২০১৪ সালের ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয় সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজের বাসার সামনে সন্ত্রাসী হামলায় খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম।

আপনার মন্তব্য

আলোচিত