২৯ জুন, ২০১৬ ১৩:৪৯
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে এক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে বার্ধক্যজানিত কারণে তার মৃত্যু হয়।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম সিরাজুল ইসলাম (৬৫)। সিরাজুল ইসলাম তার বড় ভাই, ভাবি ও ভাতিজি হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হন। একই অপরাধে তার দুই ছেলেও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দি রয়েছেন।
এর আগে সকাল ১১টার দিকে সিরাজুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কারা হাসপাতালে পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়।
কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেল সুপার মো. রায়হান জানান, কারা হাসপাতালে নেওয়ার পরে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস ছালাম সরকার জানান, সিরাজুল ইসলামকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিলো।
আপনার মন্তব্য