২২ জুলাই, ২০১৬ ২৩:০১
রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় জড়িত সন্দেহে আটক রুমা আক্তার মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছে তার পরিবার।
গত বুধবার (২০ জুলাই) গভীর রাতে নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের চরখুপি গ্রাম থেকে রুমাকে আটক করা হয়। তবে রুমার স্বজনরা জানিয়েছেন, রুমা জঙ্গি নয়, মানসিক ভারসাম্যহীন।
পুলিশ জানিয়েছে, গত ১ জুলাই জঙ্গি হামলার সময় গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজানের সামনে থেকে সিসিটিভিতে ধারণ করা ভিডিওতে যে নারীকে দেখা যায়, তিনিই রুমা।
গুলশানের হলি আর্টিজান হামলায় জঙ্গি সম্পৃক্ততায় আটক নরসিংদীর পলাশের মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন ওরফে বদু’র মেয়ে রুমা বেগম এলাকাতে মানসিক ভারসাম্যহীন হিসেবে পরিচিত।
এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, পাঁচ বছর পূর্বে দ্বিতীয় বিবাহ বিচ্ছেদের পর থেকেই রুমা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। শ্রাবণ খান নামে একটি ছেলে আছে রুমার। শ্রাবণ তার বাবার কাছে থাকে।
কিছুদিন ভালো থাকলে আবার কিছুদিন পাগলের মতো আচরণ করেন। অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যদের মারধর করা ছাড়াও নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলেন। কখনো নিজের চুল কেরোসিন দিয়ে পুড়িয়ে দেন। রুমার জঙ্গি সম্পৃক্ততা পরিবারের সদস্যরা বিশ্বাস না করলেও উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে শাস্তি দাবি করেন তারাও।
রুমার বাবা জানান, রুমা’র জঙ্গি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে একজন মুক্তিযোদ্ধা হিসেবে উপযুক্ত শাস্তি চাই।
রুমার বোন সাবিনা বেগম জানান, গুলশান হামলার সময় আমার বোন ঐ এলাকায় ফুটপাতে বসে চা খাচ্ছিল। সাধারণ মানুষের মতো সেও সেখানে দাড়িয়ে ছিল। আমার বোন জঙ্গি হলে তার আইনগত শাস্তি আমরা চাই। সঠিক প্রমাণ না পাওয়া গেলে তাকে যেন ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন জানান, রুমা বেগমকে গত বৃহস্পতিবারই চরখুপি গ্রাম থেকে ঢাকার ডিবি পুলিশ গ্রেফতার করে সরাসরি ঢাকায় নিয়ে গেছে। এব্যাপারে আমাদের কাছে কোন তথ্য নেই।
উল্লেখ্য, গত ১ জুলাই গুলশানে হলি আর্টিজান রেস্তোরায় জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২০ জন নিহত হন। এ ছাড়া জঙ্গিদের গ্রেনেডে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। পরদিন সকালে যৌথ বাহিনীর অভিযানে নিহত হন পাঁচ হামলাকারী ও রেস্তোরাঁর এক কর্মী।
গুলশানে ওই রেস্তোরাঁয় হামলায় জড়িত সন্দেহভাজন চার ব্যক্তির ছবি গত ১৯ জুলাই প্রকাশ করে র্যাব। ঘটনার দিন হলি আর্টিজানের আশপাশের এলাকায় স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে চারজনের ছবি প্রকাশ করা হয়।
আপনার মন্তব্য