সিলেটটুডে ডেস্ক

২৩ জুলাই, ২০১৬ ১৪:২১

‘মসজিদের খতিবরা কোকিল নন যে কারো শেখানো বুলি আওড়াবেন’

বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সহ-সভাপতি ও রামপুরা বাইতুল মারুফ জামে মসজিদের খতিব শাইখুল হাদিস আল্লামা ইয়াহইয়া মাহমুদ বলেছেন, মসজিদের খতিবরা কোকিল পাখি নন, যে কারো বুলি তারা প্রতি শুক্রবার আওড়াতে থাকবেন। অনেক যাচাই বাছাই করে খতিব সাহেবদের নিয়োগ দেয়া হয়।

শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘পবিত্র মসজিদে নববী, হলি আর্টিসান, ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা ও ঐতিহাসিক শোলাকিয়া ঈদ জামাত-এর গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদকে হত্যাচেষ্টার প্রতিবাদ’-এ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইসলামি ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক শামিম মোহাম্মদ আফজাল ইসলামের সমালোচনা করে ইয়াহইয়া মাহমুদ বলেন, শামিম মোহম্মদ আফজাল খুতবা নিয়ন্ত্রণ ও খতিব কাউন্সিল গঠনের যে উদ্যোগ নিয়েছেন তা আলেমদের মধ্যে আবেদন তৈরি করতে চরমভাবে ব্যর্থ হবে। ইমাম সম্মেলনে ব্যালে ড্যান্স মঞ্চায়নকারী ইফা’র ডিজির উপর এ দেশের আলেমদের কোনো আস্থা নেই। ডাক্তার হিসেবে জাকির নায়েকের ইসলাম বিষয়ক বক্তব্য যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি একজন জজ হিসেবে শামিম মোহাম্মদ আফজালের ইসলাম বিষয়ক বক্তব্যও গ্রহণযোগ্য নয়।’

তিনি বলেন, ‘মওদুদী-জামাতসহ বিভিন্ন উগ্রবাদী সংগঠন ইসলাম কায়েমের জন্য যে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে তা কখনোই ইসলাম সমর্থন করে না।’

সংবাদ সম্মেলনে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ ও বিশ্ববিদ্যালয়গুলোতে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ, জঙ্গিবাদবিরোধী জাতীয় সম্মেলন আহ্বান, আলেম, বুদ্ধিজীবী ও সমমনা সংগঠনগুলোকে নিয়ে সমন্বিত কর্মসূচি গ্রহণ এবং ২৯ জুলাই জঙ্গিবাদ প্রতিরোধ দিবস উদযাপন ও জেলায় জেলায় এক লক্ষ আলেম, মুফতি ও ইমামদের স্বাক্ষর সম্বলিত ফতোয়া ও জঙ্গিবাদবিরোধী স্মরকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জমিয়তুল উলামা।

আপনার মন্তব্য

আলোচিত