০৪ আগস্ট, ২০১৬ ১৫:১১
শীর্ষ যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবীরা। তবে এ সংক্রান্ত পুলিশের কোন বক্তব্য পাওয়া যায় নি।
হুম্মাম কাদের চৌধুরীর আইনজীবী চৌধুরী মো. গালীব রাগীব বলছেন, সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও ছেলে হুম্মাম বৃহস্পতিবার তথ্য-প্রযুক্তি আইনের মামলায় হাজিরা দিতে আদালতে যান। কিন্তু গাড়ি থেকে নামার পরপরই ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনের নিচ থেকে ‘ডিবি পুলিশ পরিচয়ে’ হুম্মামকে নিয়ে যাওয়া হয়। পরে ফারহাত কাদের ওই মামলায় হাজিরা দেন বলে জানান রাগীব।
সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধের রায় ফাঁসের অভিযোগে দায়ের করা এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দ্বিতীয় দিন ছিল বৃহস্পতিবার।
উল্লেখ্য, যুদ্ধাপরাধের অভিযোগে ২০১৩ সালের ১ অক্টোবর সাকা চৌধুরির ফাঁসির রায় দেন ট্রাইব্যুনাল। কিন্তু তার আগেই ইন্টারনেটে সেই রায় প্রকাশ হয়ে যায়। এই ঘটনায় সাকার স্ত্রী ফারহাত কাদের চৌধুরি, ছেলে হুম্মাম কাদের চৌধুরি, সাকা চৌধুরির আইনজীবী ফখরুল ইসলাম সহ সাত জনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলার করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ।
ওই মামলার হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন মৃত্যুদণ্ডে দণ্ডিত শীর্ষ যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরী। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আগামী ১৪ আগস্ট এ মামলার রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আদালত।
আপনার মন্তব্য