সিলেটটুডে ডেস্ক

০৪ আগস্ট, ২০১৬ ১৬:১৬

হাসনাত ও তাহমিদ ৮ দিনের রিমান্ডে

গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় গ্রেপ্তার হাসনাত করিম ও তাহমিদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার মেট্রোপলিটর ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিন এই রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল।

গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিসানে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এসময় ৫ জঙ্গিসহ ছয়জন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হয়।

তবে সারারাত জঙ্গিদের কব্জায় থেকে সকালে সুস্থভাবেই ফিরে আসেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম ও কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খান।

উদ্ধারের পর তাদের নেয়া হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদে। গণমাধ্যমে প্রকাশিত ছবিতেও দেখা যায় হাসনাত করিমের সন্দেহজনক আচরণ। এরপর থেকেই তার ওপর নজরদারি শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

গত ৩০ জুলাই ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানান, হাসনাতকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কিন্তু হাসনাত করিমের পরিবারসুত্রে জানা যায়, পুলিশ আটকে রেখেছে হাসনাতকে।

যদিও আইন অনুযায়ী কোনো সন্দেহভাজনকে আদালতে উপস্থাপন ছাড়া পুলিশ হেফাজতে রাখতে পারে না। আইন অনুযায়ী আটকের ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে আদালতে উপস্থাপন করতে হয়।

আপনার মন্তব্য

আলোচিত