০৪ আগস্ট, ২০১৬ ১৬:৩৬
মৃত্যুদণ্ডে দণ্ডিত শীর্ষ যুদ্ধাপরাধী ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রায় ফাঁসের মামলার রায় প্রকাশ হবে আগামী ১৪ আগস্ট।
বৃহস্পতিবার (৪ আগস্ট) এ মামলায় যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার এ তারিখ নির্ধারণ করেছেন আদালত। ওই দিন সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী ব্যতিত মামলার অন্য আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে। তারা এতোদিন জামিনে মুক্ত ছিলেন।
এই মামলার অন্য আসামিরা হলেন- সাকার আইনজীবী ফখরুল ইসলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিস সহকারী (সাঁটলিপিকার) ফারুক হোসেন, পরিচ্ছন্নতাকর্মী নয়ন আলী, সাকার ম্যানেজার এ কে এম মাহবুবুল হাসান ও আইনজীবী মেহেদী হাসান। এর মধ্যে মেহেদী হাসান পলাতক। আইনজীবী ফখরুল ইসলাম, সাকা চৌধুরীর স্ত্রী ও ছেলে জামিনে মুক্ত।
এদিকে, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবীরা। তবে এ ব্যাপারে পুলিশের কোন বক্তব্য পাওয়া যায় নি।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে রায়ের আগেই সালাউদ্দিনের স্ত্রী, পরিবারের সদস্য ও আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ তোলেন। তারা রায়ের খসড়া কপি সংবাদকর্মীদের দেখান। পরদিন ট্রাইব্যুনালের রেজিস্টার এ কে এম নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে শাহবাগ থানায় একটি মামলা করেন।
ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত শেষে ২০১৪ সালের ২৮ আগস্ট সাকার স্ত্রী, ছেলে ও আইনজীবীসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
আপনার মন্তব্য