সিলেটটুডে ডেস্ক

০৬ আগস্ট, ২০১৬ ২১:৪৭

সাধারণ অনুষ্ঠানে আপনারা কেন ইংরেজি কপচান, ক্ষোভ খাদ্যমন্ত্রীর

মঞ্চে জনা দশেক আর দর্শকসারিতে শ’ খানেক উপস্থিতির মধ্যে বিদেশি মাত্র একজন, সেখানে সঞ্চালক ও অধিকাংশ বক্তা কথা বললেন ইংরেজিতে। এ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে ক্ষোভ ঝাড়লেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

বিশ্ব ব্যাংক গ্রুপের টাস্ক টিম লিডার ম্যানিয়েভেল সেনের উপস্থিতিতে তিনি প্রশ্ন করেন: “আমরা বিশ্ব ব্যাংকের কাছ থেকে ঋণ নিচ্ছি বলে কি আমাদের বিজাতীয় ভাষায় অনুষ্ঠান করতে হবে?”

রাজধানীর সোনারগাঁও হোটেলে শনিবার ‘প্রকিউরমেন্ট অব হাউজহোল্ড মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিজ প্রজেক্ট’ নামের একটি প্রকল্প বাস্তবায়ন নিয়ে খাদ্য মন্ত্রণালয় ও মদিনা পলিমারের মধ্যে চুক্তি সই অনুষ্ঠানে শেষ দিকে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী কামরুল।

এই অনুষ্ঠানে ইংরেজিতে কথা বলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রেখে তিনি বলেন, “আমার দুঃখ ও ক্ষোভ এখানেই- এতো সুন্দর একটা অনুষ্ঠান, এতো সুন্দর আয়োজন। সামাজিক নিরাপত্তা বলয়ের সাধারণ মানুষের জন্য এ অনুষ্ঠান। এ সাধারণ অনুষ্ঠানে আপনারা ইংরেজিতে যে কপচালেন; কেন, এটা কেন? এই মানসিকতা কেন আপনাদের?”

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ফয়েজ আহমদ। তাকে উদ্দেশ্য করে খাদ্যমন্ত্রী বলেন, “আমি ডিজি সাহেবকে বলব, আপনাদের এই মানসিকতা কেন? এখানে যারা বসে আছেন তারা সবাই বাংলা জানেন। তারা হয়তো অনেক কথা-ই বুঝতে পারেন নাই।”

ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠানে ইংরেজি বলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “অনেকে খুব কষ্ট করে ইংরেজি উচ্চারণ করেছেন। এটা পরিহার করেন। এটা যদি পরিহার করতে না পারেন বিনীত অনুরোধ করছি, আমাকে ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠানে দাওয়াত দিবেন না। আমি অত্যন্ত দুঃখ পেয়েছি। ক্ষোভের সাথে আমি এই কথাগুলো বলছি।”

এভাবে ইংরেজিতে বক্তব্য দেওয়ায় ‘সুনাম বৃদ্ধি নয়, হীনমন্যতার পরিচয় প্রকাশ হয়’ বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রীর পরে একমাত্র আলোচক মদিনা পলিমারের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি)  সুলাইমান সেলিম, তিনিও বক্তব্য দেন ইংরেজিতে।

তবে তার জন্য দুঃখ প্রকাশ করেন পুরান ঢাকার সাংসদ হাজী সেলিমের বিলেতফেরত ছেলে। সুলাইমান যুক্তরাজ্য থেকে এলএলবি পাশ করে এসেছেন বলে মদিনা গ্রুপের কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ বেলাল জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত