০৮ আগস্ট, ২০১৬ ০৯:১১
অনলাইন সংবাদমাধ্যম বাংলামেইল২৪ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক মো. সাহাদাত উল্যাহ খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও সহ-সম্পাদক প্রান্ত পলাশকে ‘জিজ্ঞাসাবাদের জন্যে’ র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে, তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে কেন্দ্র একটি খবর প্রকাশের সূত্র ধরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়।
র্যাব ৩ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার গোলাম সরওয়ার বিষয়টি নিশ্চিত করে, দিনের বেলায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
জানা যায় টুডেনিউজ৭১.কম নামের একটি অনলাইন বিমান দুর্ঘটনায় প্রধানমন্ত্রী পুত্র জয় নিহত শিরোনাম দিয়ে ভুয়া সংবাদ প্রচার করে। সেই নিউজের সোশ্যাল মিডিয়া সমালোচনা নিয়ে একটি প্রতিবেদন - "বিমান দুর্ঘটনায় প্রধানমন্ত্রীপুত্র জয়ের মৃত্যুর গুজব!" প্রকাশ করে বাংলামেইল২৪ডটকম। প্রতিবেদনটি তৈরি করেন সহ-সম্পাদক প্রান্ত পলাশ।
ভারপ্রাপ্ত সম্পাদককে তার উত্তরার বাসা থেকে ডেকে এনে আটক করা হয়। নির্বাহী সম্পাদককে বাংলামেইলের কার্যালয় থেকে আটক করেছে র্যাব ৩। রবিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে তাকে কার্যালয় থেকে তুলে নেওয়া হয়। নির্বাহী সম্পাদকের সঙ্গে ওই সহ-সম্পাদককেও আটক করেছে র্যাব ৩। প্রতিষ্ঠানটির কার্যালয় কাকরাইলের স্কাউট ভবনের চতুর্থ তলায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত, বাংলামেইলের কার্যালয়ে র্যাব তালা দিয়ে গেছে। অফিসের একটি, নিজেদের দুটি তালা ব্যবহারের পর চাবিগুলো নিয়ে গেছে। সেইসঙ্গে একটি পিসিও নিয়ে গেছে। এর আগে রবিবার সন্ধ্যার দিকে র্যাবের সদস্যরা বাংলামেইলের অফিসে প্রবেশ করে। এ সময় সবার ফোন বন্ধ করিয়ে তল্লাশি চালানো হয়।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটির মালিক আজিম গ্রুপের কর্ণধার ফজলুল আজিম সাবেক সংসদ সদস্য (হাতিয়া)। ওয়ান এলিভেনের সময় বিএনপি থেকে বহিষ্কৃত হন তিনি।
২০১৩ সালের ২৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় অনলাইন সংবাদমাধ্যম বাংলামেইল২৪ডটকম-এর। জাতীয় সংসদের তৎকালীন স্পিকার, বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদের মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন।
তথ্য ঋণ: বাংলাট্রিবিউন
আপনার মন্তব্য