০৮ আগস্ট, ২০১৬ ১৭:৩৪
আবাসিক খাতে গ্যাসের দাম আবারও বাড়ানোর প্রস্তাব করেছে বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত গণশুনানিতে সোমবার সকালে এমন প্রস্তাব তুলে ধরেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মীর মসিউর রহমান।
এসময় তিতাসের এমডি ব্যবহৃত গ্যাসে সিঙ্গেল বার্নারের (এক চুলা) দাম মাসপ্রতি এক হাজার ১০০ টাকা ও ডাবল বার্নারের (দুই চুলা) দাম এক হাজার ২০০ টাকা করার প্রস্তাব করেন। বর্তমানে সিঙ্গেল বার্নারের দাম ৬০০ টাকা ও ডাবল বার্নারের দাম ৬৫০ টাকা। এ ছাড়া গণশুনানিতে অন্যান্য ক্ষেত্রে ৬২ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব করা হয়।
গণশুনানিতে বিদ্যুতে ব্যবহৃত গ্যাসের ক্ষেত্রে ৬৩ শতাংশ, সারে ব্যবহৃত গ্যাসের ক্ষেত্রে ৭১ শতাংশ, ক্যাপটিভে ব্যবহৃত গ্যাসের ক্ষেত্রে ১৩০ শতাংশ, শিল্পে ব্যবহৃত গ্যাসের ক্ষেত্রে ৬২ শতাংশ, বাণিজ্যিকে ব্যবহৃত গ্যাসের ক্ষেত্রে ৭২ শতাংশ, সিএনজিতে ব্যবহৃত গ্যাসের ক্ষেত্রে ৮৩ শতাংশ এবং বাসাবাড়িতে মিটারে ব্যবহৃত গ্যাসের ক্ষেত্রে ১৪০ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করে বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস।
তবে বেশ কিছু উদাহরণ টেনে বছরখানেকের ব্যবধানে দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করেন ভোক্তাদের সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশনের অব বাংলাদেশ (ক্যাব) ও ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রতিনিধিরা।
গত বছর ২৭ আগস্ট গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সে সময় এতে এক চুলা ব্যবহারকারীদের ৬০০ টাকা এবং দুই চুলা ব্যবহারকারীদের ৬৫০ টাকা পরিশোধ করার কথা বলা হয়। তার আগে এক চুলা ব্যবহারকারীদের ৪০০ টাকা এবং দুই চুলা ব্যবহারকারীদের ৪৫০ টাকা পরিশোধ করতে হতো।
আপনার মন্তব্য