সিলেটটুডে ডেস্ক

১৩ আগস্ট, ২০১৬ ১৫:৩১

গুলশান হামলার মামলায় এবার হাসনাতকে গ্রেপ্তার দেখানো হয়েছে

আটকের এক মাস পর নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজাউল করিমকে  ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়েছিল পুলিশ। পরে ৮ দিনের রিমান্ড শেষে এবার তাকে গুলশানের হোলি আর্টিজেন রেস্তুরায় জড়িত থাকার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ফলে এই মামলায় এই প্রথম কাউকে গ্রেপ্তার দেখাল পুলিশ।

হাসনাতের সঙ্গে উদ্ধার কানাডার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাহমিদ হাসিব খানকেও ৫৪ ধারায় গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন‌্য হেফাজতে নেওয়া হয়েছিল।  তবে তাকে গুলশান হত‌্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে না। তাকে ৫৪ ধারাতেই ফের জিজ্ঞাসাবাদ করা হবে।

শনিবার পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম হাসনাতকে গুলশান মামলার মামলায় গ্রেপ্তার দেখানোর তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আরও ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ।


যুক্তরাজ‌্যের নাগরিকত্ব পাওয়া বাংলাদেশি হাসনাতকে গত ৪ অগাস্ট ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানোর পর ডিএমপির উপকমিশনার মো. মাসুদুর রহমান বলেছিলেন, হামলায় জড়িত থাকার ‘সন্দেহাতীত প্রমাণ’ পাওয়া গেলে মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

সেক্ষেত্রে হাসনাতকে আট দিন জিজ্ঞাসাবাদে গুলশান হামলায় তার জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া গেছে কি না, সে বিষয়ে পুলিশ কর্মকর্তারা মুখ খোলেননি।

গত ২ অগাস্ট হলি আর্টিজান বেকারিতে অভিযান শেষে উদ্ধার ১৩ জনসহ ৩২ জনকে নেওয়া হয়েছিল গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করে তাদের অনেককে ছেড়ে দেওয়া হলেও হাসনাত ও তাহমিদ বাসায় ফেরেননি বলে জানায় তাদের পরিবার।

প্রায় এক মাস পর গত ৪ অগাস্ট হাসনাত ও তাহমিদকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তারের  কথা জানায় পুলিশ। তারপর নেয় রিমান্ডে।

হাসনাত করিম নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরিররর সাথে যুক্ত ছিলেন বলে খবর বের হয়। এই অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চাকরিও হারিয়েছিলেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত