১৩ আগস্ট, ২০১৬ ২৩:১৭
রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে আরও সতর্কতার সঙ্গে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।
তিনি বলেন, আমার কাছে যে তথ্য আছে তা হলো, সুন্দরবনের সংরক্ষিত অঞ্চলের চার থেকে ছয় মাইল দূরে রামপাল বিদ্যুৎকেন্দ্রটি হবে। তবে সেখানে যদি কোনো ইস্যু (বিষয়) থাকে, তাহলে তা আরও সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে।
শনিবার রাজধানীর মতিঝিলে ডিসিসিআই কার্যালয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত জ্বালানি খাতে বড় প্রকল্পে অর্থায়ন নিয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মসিউর রহমান বলেন, আমি সেখানে একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের শক্ত সমর্থক ছিলাম। তার মানে এই নয় যে পরিবেশ নিয়ে উদ্বেগ থাকলে তা পুরোপুরি বিবেচনা করা হবে না।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, রামপাল এখন বিতর্কে পরিণত হয়েছে। এটা সঠিক কারণে হতে পারে, বেঠিক কারণেও হতে পারে। কিন্তু আমি অনেক দিন ধরেই সেখানে একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সমর্থক ছিলাম।
সমর্থনের কারণ হিসেবে মসিউর বলেন, খুলনা অঞ্চলে একসময় অনেক পাটশিল্প ছিল। কিন্তু এখন খুলনা শিল্পহীন হয়েছে। খুলনা ও যশোরের মধ্যে ৬০ কিলোমিটার রাস্তার পাশে অনেক মাঝারি কারখানা আছে। গ্যাস-বিদ্যুতের অভাবে তারা তাদের উৎপাদনক্ষমতার ৬০ থেকে ৭০ শতাংশ ব্যবহার করতে পারে না। এসব কারখানায় বিদ্যুৎ-গ্যাস দেওয়া গেলে ভবিষ্যতে কোনো ধরনের অতিরিক্ত বিনিয়োগ ছাড়া উৎপাদনক্ষমতা দ্বিগুণ করা সম্ভব বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের সাবেক সচিব এম ফাওজুল কবির খান বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র জ্বালানি খাতকে সহায়তা করছে না, বরং অহেতুক বিতর্ক তৈরি করছে। তাই এটি সরিয়ে নেওয়া উচিত।
আপনার মন্তব্য