সিলেটটুডে ডেস্ক

১৫ আগস্ট, ২০১৬ ০৩:২৫

সাকার স্ত্রী-পুত্রের রায় পিছিয়ে ২৮ আগস্ট

মৃত্যুদণ্ডে দণ্ডিত শীর্ষ যুদ্ধাপরাধী ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রায় ফাঁসের মামলার রায় লেখা শেষ না হওয়ায় ঘোষণার তারিখ পিছিয়ে ২৮ আগস্ট করা হয়েছে। এ মামলার রায় ১৪ আগস্ট দেওয়ার কথা ছিল।

রবিবার (১৪ আগস্ট) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম নতুন দিন ধার্য করেন।
 
এই মামলার অন্য আসামিরা হলেন- সাকার আইনজীবী ফখরুল ইসলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিস সহকারী (সাঁটলিপিকার) ফারুক হোসেন, পরিচ্ছন্নতাকর্মী নয়ন আলী, সাকার ম্যানেজার এ কে এম মাহবুবুল হাসান ও আইনজীবী মেহেদী হাসান। এর মধ্যে মেহেদী হাসান পলাতক। আইনজীবী ফখরুল ইসলাম, সাকা চৌধুরীর স্ত্রী ও ছেলে জামিনে মুক্ত।

আদালতের পেশকার শামীম আহমেদ জানান, লেখা শেষ না হওয়ায় বিচারক রায় ঘোষণার তারিখ পিছিয়ে দিয়েছেন।
 
প্রসঙ্গত, ২০১৩ সালের ১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে রায়ের আগেই সালাউদ্দিনের স্ত্রী, পরিবারের সদস্য ও আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ তোলেন। তারা রায়ের খসড়া কপি সংবাদকর্মীদের দেখান। পরদিন ট্রাইব্যুনালের রেজিস্টার এ কে এম নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে শাহবাগ থানায় একটি মামলা করেন।

ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত শেষে ২০১৪ সালের ২৮ আগস্ট সাকার স্ত্রী, ছেলে ও আইনজীবীসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

আপনার মন্তব্য

আলোচিত