১৬ আগস্ট, ২০১৬ ২২:৫৬
ঢাকায় নিখোঁজ হবার ৩ দিন পরে পাওয়া গেলো সাইক এর শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়নের কর্মী আফসানা ফেরদৌসের লাশ।
নিহত আফসানা ফেরদৌস (২৪) মিরপুরের সাইক ইন্সিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজির স্থাপত্য বিদ্যার শেষ বর্ষের ছাত্রী ও ছাত্র ইউনিয়নের একজন কর্মী।
নিহতের মামা মুজতবা আহমেদ মুরশেদ জানান, গত শনিবার (১৩ আগস্ট ২০১৬) রাতে অপরিচিত মোবাইল নম্বর থেকে কল দিয়ে আফসানার মাকে জানানো হয়, আফসানার লাশ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। এ খবর পেয়ে আফসানার মা ঠাকুরগাঁ থেকে ফোনে আত্মীয়স্বজনদের বিষয়টি জানান।
খবর পেয়ে আফসানার মামা ও অন্যান্য স্বজনরা ধানমণ্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। কিন্তু তারা আফসানার লাশ পাননি সেখানে।
অতঃপর অপর একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে কল দিয়ে জানানো হয়, আফসানার লাশ আছে মিরপুরের আল-হেলাল হাসপাতালে। স্বজনরা ছুটে যান আল- হেলাল হাসপাতালে। আল-হেলাল হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানান, আফসানা নামে একজনের লাশ আছে কাফরুল থানায়।
এরপর স্বজনরা কাফরুল থানায় গিয়ে আফসানার ছবি দেখালে থানার ডিউটি অফিসার জানান, এমন চেহারার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। রাত তিনটায় ঢাকা মেডিকেলের মর্গে আফসানার লাশ শনাক্ত করেন তার মামা।
রবিবার আফসানার লাশের ময়না তদন্ত শেষে গ্রামের বাড়ি ঠাকুরগাঁয়ের রুহিয়ায় নিয়ে যাওয়া হয়।
পরিবারের সদস্যরা লাশ দেখে প্রাথমিকভাবে অনুমান করছেন, আফসানাকে ধর্ষণের পর গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ধর্ষণে একাধিক ব্যাক্তি জড়িত থাকতে পারে বলে ধারণা স্বজনদের।
আল-হেলাল হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে দুইজন যুবক সিএনজি অটোরিক্সা নিয়ে হাসপাতালের সামনে আসে। এ সময় তারা জরুরী বিভাগে রোগী ভর্তির জন্য স্ট্রেচার নিয়ে আসতে বলে। হাসপাতালের লোকজন রোগীকে স্ট্রেচারে তুলে হাসপাতালের অভ্যন্তরে নেয়ার সময় যুবকেরা বলে, তারা সিএনজি অটোরিক্সার ভাড়া মিটিয়ে ভেতরে আসবে। এরপর তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি।
কর্তব্যরত চিকিৎসক রোগীর হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। এ সময় মৃতদেহের গলার নিচের দিকে গভীর দাগ দেখা যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে হাসপাতাল কর্তৃপক্ষ কাফরুল থানাকে অবহিত করেন।
জানা গেছে, আগামী ২/৩ দিনের মধ্যে ময়না তদন্তের রিপোর্ট পাওয়া যাবে। এরপর হত্যা মামলা দায়ের করবে নিহত আফসানার পরিবার।
এদিকে, সাইকের ছাত্রছাত্রীরা আফসানা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করেছেন। আফসানার বন্ধুদের দাবি, তাঁর (আফসানা) কাছের কিছু বন্ধু এ নিষ্ঠুর হত্যাকাণ্ড ঘটিয়েছে।
আপনার মন্তব্য