নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট, ২০১৬ ২১:৪৭

এইচএসসির ফল: প্রাপ্ত নম্বর পাওয়া যাবে বৃহস্পতিবার বিকেল থেকে

এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকাল থেকেই জিপিএ’র পাশাপাশি কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন তা জানতে পারবেন।  তবে ঢাকা বোর্ডে শিক্ষার্থীরা নম্বর পাবেন শুক্রবার থেকে।

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম গোলাম কিবরিয়া তাপাদার সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, "বৃহস্পতিবার বিকেলেই প্রাপ্ত নম্বর শিক্ষার্থীরা জানতে পারবে। "

বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। বেলা ২টা থেকে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (http://www.educationboard.gov.bd/) থেকে ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।

এবার থেকে জিপিএর সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের নম্বরও জানিয়ে দেওয়া হবে বলে আগেই ঘোষণা দিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

তিনি বলেন, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সার্চ করে জিপিএ’র পাশাপাশি সব বিষয়ের নম্বর জানা যাবে। আর একাডেমিক ট্রান্সক্রিপ্টে থাকবে মোট নম্বর।

“ওয়েবসাইটে ট্রান্সক্রিপ্টের মত করেই সব বিষয়ের আলাদা নৈর্ব্যক্তিক ও লিখিত পরীক্ষার নম্বর ও জিপিএ থাকবে। ব্যবহারিক পরীক্ষায় কে কত নম্বর পেয়েছে তাও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে জানা যাবে।”

বুধবার রাতে সব বোর্ড চেয়ারম্যানদের নিয়ে বসে বিষয়টি চূড়ান্ত করা হয়।

২০০১ সাল থেকে এসএসসি ও ২০০৩ সাল থেকে এইচএসসি পরীক্ষায় মোট নম্বরভিত্তিক সনাতন পদ্ধতির ফল প্রকাশ বাতিল করে জিপিএ পদ্ধতিতে ফল প্রকাশ শুরু হয়।

আগের পদ্ধতিতে পরীক্ষার্থীদের সব বিষয়ের পাওয়া নম্বর যোগ করে মোট নম্বরের ভিত্তিতে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগ নির্ধারিত হত। সব বোর্ডের সেরা ২০ শিক্ষার্থীর তালিকাও প্রকাশ করত সরকার।

কিন্তু জিপিএ পদ্ধতিতে নির্ধারিত সীমার নম্বর অনুযায়ী কয়েকটি গ্রেড করা হয়; প্রতি গ্রেডের বিপরীতে রাখা হয় একটি নির্দিষ্ট গ্রেড পয়েন্ট। আর সব বিষয়ে গ্রেড পয়েন্টের গড় করে নির্ধারিত হয় একজন পরীক্ষার্থীর ফল।

ট্রান্সক্রিপ্টে বিষয়ের বিপরীতে শুধু গ্রেড পয়েন্ট থাকায় বিষয়ভিত্তিক ও মোট নম্বর- কোনোটাই জানার সুযোগ ছিল না।

আপনার মন্তব্য

আলোচিত