সিলেটটুডে ডেস্ক

১৯ আগস্ট, ২০১৬ ১৭:৩২

‘বঙ্গবাহাদুরের’ কংকাল স্থান পাবে জাদুঘরে’

‘বঙ্গবাহাদুরের’ নামের বুনো হাতিটির কংকাল সরকারের অনুমতি পেলে জাতীয় জাদুঘরে সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন জাতীয় জাদুঘরের একটি প্রতিনিধি দলের সদস্যরা। শুক্রবার জামালপুরের সরিষাবাড়ি উপজেলার কয়ড়া গ্রামে হাতিটিকে সমাহিত করার স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের একথা জানান জাদুঘরের প্রতিনিধি দলের সদস্যরা।  

তিন সদস্যের এই প্রতিনিধি দলের সদস্যরা হলেন, জাদুঘরের সহকারী কিপার শওকত ইমাম খান, সহকারী কিপার গোলাম কাউছার এবং মালি শরাফত হোসেন।

সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ জেড মোর্শেদ আলী সাংবাদিকদের জানান, কেউ যাতে তুলে ফেলতে না পারে সেজন্য সরিষাবাড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাতিটিকে সমাহিত করার স্থান পাহারার ব্যবস্থা করা হয়েছে।

জাতীয় জাদুঘরের সহকারী কিপার শওকত ইমাম খান বলেন, জাদুঘর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, সরকারি অনুমোদন পেলে হাতিটির চামড়া গবেষণা কাজে ব্যবহার করা হবে। এছাড়া হাড় সংগ্রহ করে কংকাল দর্শকদের জন্য উপস্থাপনের ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, গত ২৬ জুন ভারতের আসাম থেকে পাহাড়ি ঢলে ভেসে আসে বুনো হাতি বঙ্গবাহাদুর। কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও জামালপুরের বিভিন্ন স্থানে বানের জলে ভেসে বেড়ায় দেড় মাসেরও বেশি সময়। আসাম থেকে পাহাড়ি ঢলে ভেসে আসা এই হাতি ৪৯ দিন বাংলাদেশে বিভিন্ন জেলায় ঘরে বেড়ানোর পর জামালপুরের সরিষাবাড়ির কয়ড়া গ্রামে মঙ্গলবার সকালে মারা যায়। ওইদিনই বনবিভাগ ময়নাতদন্ত শেষে কয়ড়া গ্রামে তাকে মাটিচাপা দেয়।

আপনার মন্তব্য

আলোচিত