সিলেটটুডে ডেস্ক

১৯ আগস্ট, ২০১৬ ২৩:৫০

৪ নারী জঙ্গির তদন্তে র‍্যাব

গ্রেপ্তার ৪ নারী জঙ্গি বিরুদ্ধে করা সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার তদন্ত করবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মিরপুর থানা পুলিশ এ মামলার তদন্তভার র‍্যাবের কাছে হস্তান্তর করেছে।   

শুক্রবার (১৯ আগস্ট) মামলাটির নথিপত্র মিরপুর থানা র‍্যাব-৪-এর কাছে তদন্তভার হস্তান্তর করে। র‍্যাব-৪-এর পরিচালক খন্দকার লুৎফুল কবীর মামলার তদন্তভার পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন মিরপুর থানার পরিদর্শক (অভিযান) মোহাম্মদ শাহজালাল আলম।

তিনি বলেন, র‍্যাব-৪ মামলা তদন্ত করতে আগ্রহ প্রকাশ করায় মামলার নথিপত্র ও আসামিদের তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে চার সন্দেহভাজন নারী জঙ্গি মানারাত বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আকলিমা রহমান (মনি), ইশরাত জাহান (মৌসুমি), খাদিজা পারভিন (মেঘলা) ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসক ইসতিসনা আক্তারকে (ঐশী) রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। শুক্রবার তাদের রিমান্ডের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। গত বুধবার আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, জিজ্ঞাসাবাদে চার নারী জঙ্গি বলেছেন যে ধানমণ্ডি ৬ নম্বর সড়কের একটি বাসায় একজন পাকিস্তানি নারী ইসলামি ক্লাস চালাতেন। গ্রেপ্তার থাকা এই চারজনও সেখানে যেতেন। এদের মধ্যে আকলিমা দলনেতা।

র‍্যাব বলছে, এই চারজন ‘নতুন ধারার জেএমবির’ সদস্য। এ সংগঠনটির দক্ষিণাঞ্চলের আমির মো. মাহমুদুল হাসানকে গত ২১ জুলাই গ্রেপ্তারের পর র‍্যাব আকলিমার ব্যাপারে তথ্য পায়। এরপর গত সোমবার র‍্যাব-৪-এর সদস্যরা গাজীপুর, মিরপুর ও মগবাজারে অভিযান চালিয়ে আকলিমাসহ চার নারীকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার ওই ৪ নারী জঙ্গির কাছ থেকে ল্যাপটপ, মুঠোফোন, পেনড্রাইভ, কার্ড রিডার ও ৯০টি ‘জিহাদি বই’ উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে মিরপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে র‍্যাব। মামলায় তাদের সঙ্গে যুক্ত আরও ১০ নারীকে আসামি করা হয়েছে। তবে ওই ১০ জনের কেবল নাম উল্লেখ করা হয়েছে, তাদের বিস্তারিত পরিচয় পাওয়ার জন্য গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত