সিলেটটুডে ডেস্ক

২১ আগস্ট, ২০১৬ ১৩:২৯

ময়নাতদন্ত বলছে আফসানা আত্মহত্যা করেছেন, পরিবারের প্রত্যাখ্যান

রাজধানীর মিরপুরের সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির স্থাপত্যবিদ্যার শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়ন কর্মী আফসানা ফেরদৌস আত্মহত্যা করেছেন বলে ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে।

রবিবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. শফিউর রহমান এ কথা জানান।

ডা. শফিউর বলেন, “ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট দেওয়া হয়েছে। তবে আমরা এখনও পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে পাইনি। ভিসেরাসহ কয়েকটি পরীক্ষা করতে পাঠানো হয়েছে। ওই রিপোর্ট হাতে এলে আমরা বিস্তারিত বলতে পারবো।”

ময়নাতদন্তের রিপোর্টের খবর পাওয়ার পর আত্মহত্যার দাবি প্রত্যাখ্যান করে আফসানার ভাই ফজলে রাব্বী বলেন, “আমরা হতভম্ভ। এলাকাবাসী যখন বলছে 'বাঁচাও' 'বাঁচাও' চিৎকার শুনতে পেয়েছে, তখন কীভাবে ময়নাতদন্তে এটা আত্মহত্যা বলা হলো? আমি বিশ্বাস করি না আমার বোন আত্মহত্যা করেছে। ঘটনার পর তার বন্ধু হাবিবুর রহমান রবিন যে আচরণ করেছেন এবং সমঝোতার চেষ্টা করেছেন, সেটার পর আত্মহত্যা ভাবার কোনো কারণ দেখি না।”

উল্লেখ্য, গত ১১ আগস্ট আফসানা নিখোঁজ হন। ১৩ আগস্ট রাতে কাফরুলের একটি বেসরকারি হাসপাতালে তাকে মৃত অবস্থায় ফেলে রেখে যায় দুই তরুণ। পরে পুলিশ এসে তাঁর মরদেহ উদ্ধার করে।

আফসানাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করছেন তাঁর স্বজনরা। তাদের দাবি, তেজগাঁও কলেজের ছাত্রলীগ নেতা ও আফসানার বন্ধু রবিন আফসানাকে হত্যা করেছেন।

এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

আপনার মন্তব্য

আলোচিত