২৩ আগস্ট, ২০১৬ ১০:৪০
দাবি আদায়ে সারা দেশে নৌযানশ্রমিকদের ধর্মঘট চলছে। গতকাল সোমবার রাত ১২টা থেকে ধর্মঘট শুরু হয়েছে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছে।অনির্দিষ্টকাল ধরে এই ধর্মঘট চলবে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মজুরি বাড়ানোসহ ১৫ দফা দাবিতে গত ২০ এপ্রিল থেকে নৌযান শ্রমিক ফেডারেশনের ব্যানারে সারা দেশে নৌযানশ্রমিকেরা ধর্মঘট শুরু করেন। পরে ছয় দিনের মাথায় সেটি স্থগিত হয়।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ্ আলম ভূঁইয়া বলেন, নৌশ্রমিক ঐক্য পরিষদের আহ্বানে চার দফা দাবিতে ডাকা ধর্মঘট সোমবার রাত ১২টা ১ মিনিটে সারাদেশে শুরু হয়েছে।
তিনি জানান, ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা নির্ধারণসহ বেতন স্কেল ঘোষণা, দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ পুনর্নির্ধারণ, নৌপথে সন্ত্রাস-ডাকাতি-চাঁদাবাজি বন্ধ ও নাব্যতা রক্ষায় পদক্ষেপ গ্রহণের দাবিতে এই ধর্মঘট শুরু হয়েছে।
কর্মসূচিতে ১৭টি নৌযান শ্রমিক সংগঠন একাত্মতা প্রকাশ করেছে বলে জানান শ্রমিকনেতা শাহ্ আলম।
আপনার মন্তব্য