সিলেটটুডে ডেস্ক

২৫ আগস্ট, ২০১৬ ০১:০৮

আজ শুভ জন্মাষ্টমী

শুভ জন্মাষ্টমী আজ (বৃহস্পতিবার)। হিন্দুধর্মের প্রবর্তক ও মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন আজ।

হিন্দু ধর্মাবলম্বীদের মতে, প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম নেন তিনি।

জন্মাষ্টমী উদযাপনে বিশ্বের হিন্দু সম্প্রদায় বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে। দেশে অনুষ্ঠানমালায় রয়েছে— গীতাযজ্ঞ, জন্মাষ্টমীর শোভাযাত্রা, কৃষ্ণপূজা, আলোচনা সভা, কীর্তন, আরতি, প্রসাদ বিতরণ, সাহিত্য-সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গীতিনৃত্য, নাটক প্রভৃতি।

জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণীতে হিন্দু সম্প্রদায়সহ দেশবাসীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

পৃথক বিবৃতিতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীরউত্তম, ঊষাতন তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু, সাধারণ সম্পাদক তাপস কুমার পাল, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডি এন চ্যাটার্জী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্যামল কুমার রায়, ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতিত্রয় নির্মল কুমার চ্যাটার্জী, উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পী, অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ বড়ূয়া, সাধারণ সম্পাদক রমেন মণ্ডল জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন।

জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি। বাংলাদেশ টেলিভিশন ও বেতারসহ বিভিন্ন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালা প্রচার ও সংবাদপত্রগুলো বিশেষ নিবন্ধ প্রকাশ করবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত