সিলেটটুডে ডেস্ক

২৬ আগস্ট, ২০১৬ ০১:৩৩

মুখে ‘মাস্ক’ পরে মন্ত্রীর পরিদর্শন, মাস্কবিহীন জনতার ভিড়

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী মুখে মাস্ক পরে চট্টগ্রামে দুর্ঘটনাকবলিত ডাই অ্যামোনিয়া ফসফেট কারখানা পরিদর্শন করলেও মাস্কবিহীন অবস্থায় জনতা তাদেরকে দেখতে ভিড় করে। মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ হাতেগোণা কয়েকজন মাস্ক পরিদর্শন কয়রে এলাকা পরিদর্শন করলেও হাজার হাজার লোক মাস্কবিহীন অবস্থায় ছিল।

বুধবার পরিদর্শনে যাওয়া মন্ত্রী ও প্রতিমন্ত্রী এমন সচেতনতা দেখালেও তাদেরকে দেখতে আসা জনতাকে সরিয়ে দিতে কারও কোন উদ্যোগ পরিলক্ষিত হয় নি। মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের এমন সচেতনতাকে কেউ কেউ ইতিবাচক হিসেবে দেখলেও অধিকাংশই এর সমালোচনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাদের এ ছবি শেয়ার করে জনগণের নিরাপত্তাহীনতার বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছেন।

দুইমন্ত্রীর এমন ‘সচেতনতায়’ সমালোচনার ঝড় উঠেছে। এ নিয়ে ফেসবুকেও চলছে সমালোচনা। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় এক মুদি দোকানদার বলেন, ‘মন্ত্রী বলেই সম্ভব। তাদের মুখে মাস্ক। মন্ত্রীর দাম আছে জনগণের দাম নেই।’

শুধু তাই নয় পরিদর্শন শেষে দুইমন্ত্রী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে রুমে চলে যান। সেখানে মাস্ক খুলে পরে সাংবাদিকদের সঙ্গে তারা কথা বলেন।

এ নিয়ে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান বলেন, ‘মন্ত্রী-প্রতিমন্ত্রী মাস্ক পড়েছেন কিন্তু তাদের সঙ্গে যারা ছিল তাদের নিরাপত্তার বিষয়টি খেয়াল করেননি। এটা হতাশাজনক। মন্ত্রীদের কাছ থেকে আমরা এটা প্রত্যাশা করি না। এটা দায়িত্ব অবহেলার শামিল।’

তিনি বলেন, ‘মন্ত্রী-প্রতিমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেটা খুশির খবর। আমরা সেটাকে স্বাগত জানাই। কিন্তু তারা সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা না দিয়ে শুধু নিজেদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন এটা দায়িত্ব অবহেলা বলে আমি মনে করি।’

বিস্ফোরণ পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস। তাদের মুখেও নেই মাস্ক। ফলে ঝুঁকিপূর্ণভাবে দায়িত্ব পালন করতে হচ্ছে তাদের।

সোমবার রাতে সার কারখানার অ্যামোনিয়া ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ ঘটে।

সূত্র : পরিবর্তন ডটকম

আপনার মন্তব্য

আলোচিত