সিলেটটুডে ডেস্ক

২৬ আগস্ট, ২০১৬ ১৪:২৭

ঈদের যাত্রীদের জন্য থাকছে রেলওয়ের বিশেষ সেবা

আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আগামী ২৯ আগস্ট থেকে শুরু হবে। ঈদ যাত্রায় প্রতিবারই যাত্রীদের অভিযোগ পাওয়া যায় রেলের অনিয়ম আর ভোগান্তি নিয়ে।

এবার যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। চালু রাখবে বিশেষ সেবা।

ঈদের পূর্বে ৩ দিন (৯০-১১ সেপ্টেম্বর) এবং ঈদের পরবর্তী ৭দিন  (১৪-২০ সেপ্টেম্বর) ৫ জোড়া ও ঈদের দিন শোলাকিয়া স্পেশাল ২ জোড়াসহ মোট ৭ জোড়া স্পেশাল ট্রেন চলাচল করবে।

৭ সেপ্টেম্বর থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনসমূহের (৭১১ উপকূল এক্সপ্রেস, ৭৮৫ বিজয় এক্সপ্রেস ও ৭২৬ সুন্দরবন এক্সপ্রেস ছাড়া) কোনো অফ-ডে থাকবে না। তবে ঈদের পর হতে যথারীতি আন্তঃনগর ট্রেনসমূহের অফ-ডে বহাল থাকবে।

ঢাকা ও চট্রগ্রাম স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় ঈদ পূর্ব অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২৯ আগস্ট থেকে। এদিন দেয়া হবে ৭ সেপ্টেম্বরের টিকিট। এরপর ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত যথাক্রমে দেয়া হবে ৮, ৯, ১০ ও ১১ সেপ্টেম্বরের টিকিট। এছাড়া ঈদ পরবর্তী সময়ে রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন হতে বিশেষ ব্যবস্থাপনায় ৫ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত অগ্রিম বিক্রি হবে যথাক্রমে ১৪, ১৫, ১৬, ১৭ এবং ১৮ সেপ্টেম্বরের টিকিট।

টিকিট বিক্রি শুরু হবে প্রতিদিন সকাল ৮ টা থেকে। একজন যাত্রী সর্বাধিক ৪টি টিকিট কিনতে পারবেন এবং বিক্রিত টিকিট ফেরত নেওয়া হবে না।

তবে ঈদে উপলক্ষে ১১ ও ১২ সেপ্টেম্বর ঢাকা- কলকাতা-ঢাকা পথে মৈত্রী ট্রেন চলাচল করবে না।

ট্রেনে যুক্ত হবে অতিরিক্ত কোচ। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ওয়ার্কসপ হতে অতিরিক্ত ১৪০ টি কোচ সপ আউট-টার্ণসহ ১ হাজার ১৪৬ টি যাত্রীবাহী কোচ সরবরাহ করা হবে। ঈদ উপলক্ষে কারখানায় মেরামত করে আরো ১৮টিসহ মোট ২২০টি ইঞ্জিন সরবরাহ করা হবে।

টিকিট কালোবাজারী ঠেকাতেও তৎপর থাকবে প্রশাসন।  ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সকল বড় বড় স্টেশনে জিআরপি, আরএনপি, স্থানীয় পুলিশ, র‍্যাব ও বিজিবির সহযোগিতায় টিকিট কালোবাজারি প্রতিরোধে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হবে। তাছাড়া জেলা প্রশাসকদের সহায়তায় পরিচালিত হবে ভ্রাম্যমান আদালত।

স্পেশাল ট্রেনসমূহঃ

দেওয়ানগঞ্জ স্পেশাল : ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা ০৯ থেকে ১১ সেপ্টেম্বর ও ১৪ থেকে ২০ সেপ্টেম্বর চলাচল করবে।
চাঁদপুর স্পেশাল ১ : চট্টগ্রাম- চাঁদপুর-চট্টগ্রাম একই তারিখে চলাচল করবে।
চাঁদপুর স্পেশাল ২ :  চট্টগ্রাম- চাঁদপুর-চট্টগ্রাম একই তারিখে চলাচল করবে।
পার্বতীপুর স্পেশাল : পার্বতীপুর-ঢাকা-পার্বতীপুর একই তারিখে চলাচল করবে।
খুলনা স্পেশাল : খুলনা-ঢাকা-খুলনা একই তারিখে চলাচল করবে।
শোলাকিয়া স্পেশল-১ : ভৈরব-কিশোরগঞ্জ-ভৈরব, শুধুমাত্র ঈদের দিন চলাচল করবে।
শোলাকিয়া স্পেশল-২ : ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ, শুধুমাত্র ঈদের দিন চলাচল করবে।

আপনার মন্তব্য

আলোচিত