সিলেটটুডে ডেস্ক

২৭ আগস্ট, ২০১৬ ১৩:১৬

‘আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা

নারায়ণগঞ্জের পাইকপাড়ায় আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর অভিযানের সময় পাল্টা গ্রেনেড ছোড়ে সন্দেহভাজন জঙ্গিরা। সেসময় ‘আল্লাহ হু-আকবর’ বলে স্লোগান দেয় তারা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

পাইকপাড়া বড় কবরস্থান এলাকায় শনিবার সকাল পৌনে ৯টার দিকে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের সদস্যরা। অভিযানে গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হয়।

তিন তলার ওই বাড়িতে অভিযানের সময় পাশের একটি ভবনের বাসিন্দা সাংবাদিকদের জানান, অভিযানের শুরুতে জঙ্গিরা আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে গ্রেনেড নিক্ষেপ করে। একই সময় ‘আল্লাহ হু-আকবর’ বলে স্লোগান দেয় তারা। অভিযানের পর পুলিশের আইজিপি একেএম শহীদুল হক বলেছেন, জঙ্গিদের আত্মসমর্পনের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তাতে রাজি না হয়ে তারা আইন শৃঙ্ক্ষলা-রক্ষাকারী বাহিনীর ওপর পাল্টা গ্রেনেড নিক্ষেপ করে।

নিহত তামিম সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের বড়গ্রামের প্রয়াত আব্দুল মজিদ চৌধুরীর নাতি। মজিদ চৌধুরী একাত্তরে শান্তি কমিটির সদস্য ছিলেন বলে স্থানীয়দের তথ্য। তামিমের বাবা শফি আহমদ জাহাজে চাকরি করতেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে তিনি সপরিবারে কানাডায় পাড়ি জমান।

তামিমের মতোই ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা রয়েছে সেনাবাহিনী থেকে বরখাস্ত মেজর সৈয়দ জিয়াউল হকের জন‌্য। তিনি আরেক জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নেতৃত্ব দিচ্ছেন বলে পুলিশের দাবি।

আপনার মন্তব্য

আলোচিত