সিলেটটুডে ডেস্ক

২৭ আগস্ট, ২০১৬ ১৪:৪২

তামিমের সঙ্গে নিহত একজন সাবেক সরকারি কর্মকর্তা!

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় পুলিশের অভিযানে জঙ্গি নেতা তামিম চৌধুরীসহ নিহত তিন জঙ্গির একজন সাবেক সরকারি কর্মকর্তা বলে ধারণা করছে পুলিশ। শনিবার সকালের ওই অভিযানের পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের এডিসি ছানোয়ার হোসেন গণমাধ্যমকে একথা বলেন।

তিনি বলেন, তামিম চৌধুরী বাদে নিহত অপর দুই জঙ্গির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের একজন সাবেক সরকারি কর্মকর্তা বলে ধারণা করা হচ্ছে। তবে পুরোপুরি নিশ্চিত হওয়ার পরই তাদের পরিচয় প্রকাশ করা হবে বলে জানান তিনি।

শনিবার সকালে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া বড় কবরস্থান সংলগ্ন তিন তলা একটি ভবনে অভিযান চালায় পুলিশ। অভিযানে গুলশান হামলার 'মূলহোতা' তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হয়।

অভিযানের পর পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের বলেন, জঙ্গিদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তারা আত্মসমর্পণ না করে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে ও গুলি করে। এরপরই ওই বাড়িতে অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াট সদস্যরা।

আপনার মন্তব্য

আলোচিত