২৮ আগস্ট, ২০১৬ ১২:১৬
ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গি আসাদুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে তাঁর করা আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।
আজ রোববার সকাল ৯টা ২০ মিনিটের দিকে আরিফের রিভিউ আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এ রায় দেন।
এ বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।
এ সময় জঙ্গি আসাদুল্লাহ আরিফের পক্ষে ছিলেন নিখিল ভদ্র আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
অ্যাটর্নি জেনারেলর মাহবুবে আলম বলেন, রিভিউ আবেদন খারিজ হওয়ায় জঙ্গি আরিফের মৃত্যুদণ্ডে আর কোনো বাধা থাকল না।
প্রসঙ্গত, ২০০৫ সালের ১৪ নভেম্বর জেএমবি জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় ঝালকাঠির দুই বিচারক নিহত হন। সকাল নয়টার দিকে সরকারি বাসা থেকে জেলা জজ আদালতে যাওয়ার পথে দুই বিচারককে বহনকারী মাইক্রোবাসে হামলা চালানো হয়। ঘটনাস্থলেই মারা যান জ্যেষ্ঠ সহকারী জজ সোহেল আহম্মেদ এবং বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান জ্যেষ্ঠ সহকারী জজ জগন্নাথ পাঁড়ে। আহত অবস্থায় ধরা পড়েন হামলাকারী জেএমবির সদস্য ইফতেখার হাসান আল মামুন।
আপনার মন্তব্য