০৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০৫
চলতি শিক্ষাবর্ষের এমবিবিএস ও ডেন্টাল পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দেশের সব মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এ ছাড়া ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁসসহ কোনো ধরনের গুজব বা ভুয়া তথ্য ফেসবুক অথবা ইন্টারনেটে প্রচার করলে তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। আগামী ৭ অক্টোবর এমবিবিএস এবং ৪ নভেম্বর ডেন্টালের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার সচিবালয়ে বেসরকারি মেডিকেল কলেজ নীতিমালা সংক্রান্ত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সভাপতিত্ব করেন।
সভায় অন্যদের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বিএমডিসি সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য