সিলেটটুডে ডেস্ক

০৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৩৫

কাল ১০ টাকা কেজিতে চাল বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

'শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ'- এমন স্লোগানকে সামনে রেখে হতদরিদ্র মানুষের জন্য বুধবার (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে পল্লী রেশনিং কার্যক্রম। এ কর্মসূচির আওতায় দরিদ্র পরিবারের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামের চিলমারী থেকে এ কর্মসূচির উদ্বোধন করবেন।

এ খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারা দেশের ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজি দরে চাল দেওয়া হবে। পল্লী রেশনিং কার্ডধারীদের বছরে ৫ মাস দেওয়া হবে এ খাদ্য সহায়তা।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব মামুন অর রশীদ জানান, বুধবার সকালে চিলমারীর থানাহাট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১০ টাকায় চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টার যোগে বুধবার কুড়িগ্রাম যাবেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে এরই মধ্যে কুড়িগ্রামের চিলমারীতে নিশ্চিত করা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায়। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তোরণ, ব্যানার, ফেস্টুনসহ নতুন সাজে সেজেছে এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চিলমারীসহ কুড়িগ্রামের বিভিন্ন এলাকা।

এর আগে গত রোববার দুপুরে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছিলেন, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং পরবর্তীতে মার্চ ও এপ্রিল মাসে এ চাল দেওয়া হবে। বছরের যে পাঁচ মাস মানুষের কষ্ট হয়, চালের দাম একটু বাড়তির দিকে থাকে, গরিব মানুষের একটু কষ্ট হয়, সেই পাঁচ মাস ৩০ কেজি করে চাল দেওয়া হবে। খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে সারা দেশে ১০ টাকায় সুষ্ঠু চাল বিতরণ নিশ্চিত করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত