০৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:০০
নিরাপদ ও ঝুঁকিমুক্ত ঈদযাত্রা করতে কমলাপুর স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে কমলাপুর রেলস্টেশনে কাজ শুরু করেছে ঢাকা রেলওয়ে নিরাপত্তা ও সেবা কেন্দ্র।
স্টেশনে পুলিশ ছাড়াও অন্যান্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নানা বেশে অবস্থান নিয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করছে। একই সঙ্গে প্রাথমিক চিকিৎসার জন্য কাজ শুরু করেছে রেলওয়ে জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষও। দায়িত্ব পালন করছে গার্লস স্কাউটের সদস্যরাও।
জানা গেছে, চট্টগ্রাম ও সৈয়দপুর জেলার বিভিন্ন জংশন ও স্টেশনে এই ঈদে দুই হাজার পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করছে। প্রতিটি ট্রেনে কমপক্ষে পাঁচজন পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। কমলাপুর ও চট্টগ্রামসহ অন্যান্য স্টেশনে বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমলাপুর স্টেশন এলাকায় নিরাপত্তা দিচ্ছে।
কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী জানান, কমলাপুর স্টেশনে প্রতিদিন ১৫ জন পুলিশ ও ছয়জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে প্রতিদিন ১৬ জন পুলিশ ও ৬ জন অঙ্গীভূত আনসারসহ মোট ২২ জন। রেল পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার, একজন সহকারী পুলিশ সুপার, ১৮ জন পরিদর্শক, ৩৯ জন এসআই, ৬১ জন এএসআই, ১৫ জন নায়েক ও ৫৪১ জন কনস্টেবলসহ ৭০৩জন। আর আনসার, আমর্ড পুলিশ (এপিবিএন), আনসার ব্যাটলিয়নসহ মোট ১২৭৪ জন চট্টগ্রাম রেলওয়ে রেঞ্জের ১৩টি জংশন ও ১৮টি জংশনে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এর মধ্যে প্রতিটি জংশনে সাতজন ও স্টেশনে ছয়জন নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
আপনার মন্তব্য