সিলেটটুডে ডেস্ক

১৪ ফেব্রুয়ারি , ২০১৮ ২২:১২

সুন্দরবনে বাঘ পর্যবেক্ষণ কার্যক্রম শুরু

সুন্দরবনে ক্যামেরা ট্রাপিং ও খাল সার্ভের মাধ্যমে বুধবার (১৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে বাঘ মনিটরিং (পর্যবেক্ষণ) কার্যক্রম।

খুলনা ও শরণখোলা রেঞ্জের দুটি বন্যপ্রাণী অভয়ারণ্যের ৪৮০ বর্গকিলোমিটার এলাকায় এই মনিটরিং করা হবে। ২৩৯টি গ্রিড বা পয়েন্টে ৪৭৮টি ক্যামেরা বসানো হবে।

খুলনা সার্কেলের বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী সাংবাদিকদের জানান, বুধবার সকালে হিরণ পয়েন্টের নীলকমল এলাকায় বাঘ মনিটরিং কার্যক্রম শুরু হয়েছে। ইউএসএইডের অর্থায়নে মোট ৫৬ জন কর্মী এই কার্যক্রম চালাবেন ২ মাস। এর মধ্যে রয়েছে বন বিভাগের ১৯ জন এবং ওয়াইল্ড টিমের ৩৭ জন সদস্য।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মদিনুল আহসান জানান, ক্যামেরা ট্রাপিংয়ের পাশাপাশি খাল সার্ভের মাধ্যমেও বাঘ মনিটরিং করা হবে। বাঘের সংখ্যা গণনার পাশাপাশি বাঘ যেসব প্রাণী খায় (হরিণ, শূকর প্রভৃতি) সেগুলোর অবস্থাও পর্যবেক্ষণ করা হবে।

বাঘ রক্ষায় কর্মপন্থা নির্ধারণের জন্য এই মনিটরিং করা হচ্ছে বলে জানান তিনি।

এর আগে ২০১৩ ও ২০১৪ সালে ক্যামেরা ট্রাপিং পদ্ধতিতে সুন্দরবনে বাঘ গণনা করা হয়েছিল। ২০১৫ সালের মার্চে প্রকাশ করা ফলাফল অনুযায়ী বনে বাঘের সংখ্যা ছিল ১০৬টি।

আপনার মন্তব্য

আলোচিত