নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর, ২০২৬ ১৮:৫২

সিলেটে গৃহবধূর একসঙ্গে চার সন্তান প্রসব

সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এক গৃহবধূ। সৌদি আরবপ্রবাসী সাইদুল ইসলাম রিজনের পরিবারে চার নবজাতকের আগমনে বইছে আনন্দের বন্যা। মা ও চার নবজাতক বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে চার কন্যাসন্তানের জন্ম দেন ওই গৃহবধূ।

প্রবাসী সাইদুল ইসলাম রিজন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া গ্রামের বাসিন্দা। একসঙ্গে চার সন্তানের বাবা-মা হওয়ায় পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

পরিবারের সদস্যরা জানান, একসঙ্গে চার নতুন অতিথিকে পেয়ে তারা আনন্দিত। মা ও নবজাতকেরা সুস্থ আছেন।

সাইদুল ইসলাম রিজনের ফুফাতো ভাই ও স্থানীয় ইউপি সদস্য শেখ মো. দিলোয়ারুস শাদাৎ বিষয়টি নিশ্চিত করে বলেন, মা ও নবজাতকেরা ভালো আছেন। এমন খবরে পরিবারের সবাই আনন্দিত।

এদিকে একসঙ্গে চার কন্যাসন্তানের জন্মের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মা ও নবজাতকদের শুভকামনা জানাচ্ছেন অনেকে।

আপনার মন্তব্য

আলোচিত