সিলেটটুডে ডেস্ক

২৮ নভেম্বর, ২০২৬ ১৪:৫৯

প্যারোলে মুক্তি মিলেনি, কারাগার থেকেই প্রতিবন্ধী ছেলেকে শেষ বিদায় যুব মহিলা লীগ নেত্রীর

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মি'র প্রতিবন্ধী সন্তান তূর্য মারা গেছে। কারাগার থেকেই সন্তানকে শেষ বিদায় জানান এই নেত্রী।

শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে মরদেহবাহী অ্যাম্বুলেন্স ঢোকে। সরাসরি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। সেখান থেকেই ছেলে তূর্যকে বিদায় জানান সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা শর্মি।

কারাবন্দি নেত্রী শারমিন সুলতানা শর্মি (৪৪) ঢাকার লালবাগ থানার সাহেব বাজার এলাকার শাহাদাত হোসেন নিপুনের স্ত্রী। তিনি ইডেন কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

কারাবন্দি নেত্রীর স্বামী শাহাদাত হোসেন নিপুন বলেন, গত ৪ অক্টোবর লালবাগ থানা পুলিশ গভীররাতে বাসায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান জন্ম থেকে প্রতিবন্ধী। প্রতিবন্ধী সন্তান তুর্য জন্মের পর থেকে মায়ের হাতে খাওয়া-দাওয়া সবকিছু করতেন। স্ত্রী শর্মি গ্রেপ্তারের পর সে অনেক বেশি মানসিকভাবে ভেঙে পড়ে। সঠিক পরিচর্যা করার মতো কেউ ছিল তার কাছে। শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে তুর্য মারা যায়।

তিনি আরও বলেন, আটকের আগ পর্যন্ত স্ত্রীর নামে কোনো মামলা ছিল না। ষড়যন্ত্র করে স্ত্রীকে আটক করার পর সন্ত্রাসবিরোধী মামলায় জড়ানো হয়েছে।

শারমিন সুলতানার স্বামী শাহাদাৎ হোসেন নিপু বলেন, কারা কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছে, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শারমিন সুলতানাকে কারাগারের বাইরে নেওয়া সম্ভব নয়। তাঁকে নিরাপত্তা দেওয়ার মতো পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নেই। তবে কারাফটকে তাঁর স্ত্রীকে মৃত সন্তানের মুখ শেষবারের মতো দেখানোর ব্যবস্থা করা হবে।

শাহাদাৎ হোসেন আরও বলেন, তাঁর স্ত্রী শারমিন সুলতানাকে বাইরে নেওয়া হলে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এ ছাড়া ডিসেম্বর পর্যন্ত কারাগারে বন্দী কোনো আসামিকে প্যারোলে মুক্তি দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে বলেও তাঁকে জানানো হয়েছে।

কারাফটকে মা শারমিন সুলতানা তাঁর সন্তানকে দেখেছেন। দুপুর ১২টার দিকে তাঁদের দেখা হয়েছে। এখন তাঁরা কাশিমপুর থেকে ফিরে যাচ্ছেন।

শারমিন সুলতানার ছোট বোন শাম্মী জানান, আমার বোন ২০২২ সাল থেকে রাজনীতি করে না। তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। আমার বোন একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। এ রাষ্ট্র আমার বোনকে জামিন দিলো না। আমার বোনের অভাবে তার সন্তান মারা গেলো। মাত্র পাঁচ মিনিট সময় দিলো আমার বোনকে তার সন্তানকে শেষবার দেখতে।

গাজীপুর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, ‘তাঁদের (শারমিন সুলতানা ও শাহাদাৎ হোসেন) সন্তান মারা গেছে। বাচ্চাটি প্রতিবন্ধী ছিল। মৃত সন্তানের লাশ শেষবারের মতো দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করা হয়েছে।

তিনি বলেন, শারমিন সুলতানার ছেলের মরদেহ বেলা সাড়ে ১১টার সময় ফ্রিজিং ভ্যানে করে কারাগারে আনা হয়েছে। সঙ্গে তার পরিবারের স্বজনরাও এসেছেন। পরে নিয়ম অনুযায়ী মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত