১৫ ফেব্রুয়ারি , ২০১৮ ১২:০৫
প্রশ্ন ফাঁসের কারণে এবারের এসএসসি পরীক্ষা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। একই সাথে প্রশ্নফাঁস বন্ধ করতে বিচারবিভাগীয় তদন্ত কমিটি ও প্রশাসনিক কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি জুবায়ের আহমদ চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের বেঞ্চ এসব নির্দেশ দেন।
ত্রিশ দিনের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
এরআগে বৃহস্পতিবার এসএসসি পরীক্ষায় একের পর এক প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় পরীক্ষা বাতিল চেয়ে হাই কোর্টে রিট আবেদন করেন তিন আইনজীবী। এছাড়া নতুন করে পরীক্ষা নেওয়ারও আবেদন জানানো হয়।
এই আবেদনে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্ত এবং ফাঁসরোধে নতুন করে আইন করতে আইন মন্ত্রণালয়ের নির্দেশনা চাওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকাসহ তিন আইনজীবী এই রিট আবেদনটি দায়ের করেন।
আইনুন্নাহার সিদ্দিকা জানান, এই আবেদনে প্রশ্ন ফাঁসের কারণে চলমান এসএসসি পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশনা জারির আবেদন করি। এ ছাড়া প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্ত এবং ফাঁস রোধে একটি আইন প্রণয়নে আইন মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়ার আবেদন করেছি। ওই সব আবেদনের পরিপ্রেক্ষিতেই এই আদেশ দিলেন হাই কোর্ট।
আপনার মন্তব্য