১৭ ফেব্রুয়ারি , ২০১৮ ১৯:২৩
চট্টগ্রাম নগরীতে পুলিশ কর্মকর্তাকে গুলি করে আহত করার ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তারা হলেন রাকিব ও প্রত্যয়। এই নিয়ে ওই ঘটনায় জড়িত তিনজনকে আটক করল আইনশৃঙ্খলা বাহিনী।
নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আব্দুল ওয়ারিশ খান জানিয়েছেন, রাকিব ও প্রত্যয় নামে দুই এসএসসি পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। তবে ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি এখনও উদ্ধার করা যায়নি। এর আগে হামলার সঙ্গে জড়িত সন্দেহে শুক্রবার আব্দুল হাকিম নামে এক তরুণকে আটক করেছিল পুলিশ।
পুলিশ কর্মকর্তা ওয়ারিশ বলেন, কিশোর-তরুণদের একটি গ্রুপ খুনের মতো বড় ধরনের অপরাধ সংঘটনের জন্য যাচ্ছিল। এই কারণে তারা মোটরসাইকেলের নম্বরপ্লেট ঢেকে দেয়। চেকপোস্টে পুলিশ থামার সংকেত দিলে তারা গুলি করে মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়।
প্রসঙ্গত, শুক্রবার বিকাল চারটার দিকে নগরীর পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকায় পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে পাঁচলাইশ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মালেক গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
আপনার মন্তব্য