১৯ ফেব্রুয়ারি , ২০১৮ ০১:০২
চলতি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পেয়েছে পরীক্ষা মূল্যায়ন কমিটি। একটি বিষয়ের সম্পূর্ণ এবং কয়েকটির আংশিক প্রশ্নফাঁস হয়েছে। এসব মূল্যায়ন করে ২৬ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেবে কমিটি।
রোববার এসএসসি পরীক্ষা মূল্যায়ন কমিটির দ্বিতীয় দিনের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কমিটির আহ্বায়ক শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর।
সচিব বলেন, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত প্রতিনিয়ত নতুন নতুন নম্বর ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লিংক পাওয়া যাচ্ছে। সেসব যাচাই-বাছাই করা হচ্ছে। এতে অনেক ভিআইপির নম্বর পাওয়া যাচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনী তাদের নজরদারিতে রেখেছে। সব বিষয় মূল্যায়ন করে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে।
তিনি বলেন, যদি ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে নৈর্ব্যক্তিক অংশটুকু মিলে যায় তবে আমরা শুধু নৈর্ব্যক্তিক পরীক্ষা বাতিলের সুপারিশ করব।
তিনি বলেন,'অংক বিষয়ে ফেসবুকে তারা বলেছে চার সেটই ফাঁস করলাম। আমরা মিলিয়ে দেখলাম একটাও মেলেনি। কিন্তু আবার ইংরেজির ক্ষেত্রে কিছু মিল পেয়েছি। এজন্য আমরা আরও দেখবো, দেখে সিদ্ধান্ত নেবো। বাকি সব পরীক্ষা দেখবো।'
ফাঁসের প্রমাণ পাওয়া গেছে কিনা-জানতে চাইলে মো. আলমগীর বলেন, 'পাবো না কেন? আছে তো, আংশিক তো আছেই। কিছু কিছু প্রশ্নপত্রের আংশিক আছে, কিছু কিছু পুরোপুরি আছে।' হুবহু মিলে যাওয়া প্রশ্ন নিয়ে সচিব বলেন, 'কিছু কিছু তো সরাসরি হুবহু মিলে গেছে। সেটা কেন আমরা সাজেশন মনে করবো?'
কোন কোন বিষয়ের প্রশ্নপত্র হবহু মিলে গেছে জানতে চাইলে সচিব বলেন, 'একটা পেয়েছি আমরা। এটা তো এখন বলবো না। যখন সুপারিশ করবো তখন বলবো।'
ওই পরীক্ষা কি বাতিলের সুপারিশ করবেন- জবাবে সচিব বলেন, 'হ্যাঁ, যদি দেখা যায় যে কোনো প্রশ্ন হুবহু পুরো মিলে গেছে এবং সেটা যদি দেখা যায় যে পরীক্ষার দিন..। যেমন অবজেক্টিভ টাইপের প্রশ্ন যদি ফাঁস হয়ে থাকে তাহলে বাকি পরীক্ষা নতুন করে নেব না। শুধু অবজেক্টিভের জন্য পরীক্ষা হবে, যদি পরীক্ষা চলার এক'দুঘণ্টা আগে বা তিন ঘণ্টা আগে বা আগের দিন ফাঁস হয়ে থাকে। আর যদি দেখা যায় পরীক্ষা চলাকালীন ফাঁস হয়েছে, তাহলে তো পরীক্ষা চলাকালীন বা আধা ঘণ্টা আগে তো পরীক্ষার্থীরা ঢুকে গেছে। তখন হয়তো ৫০০ ছেলেমেয়ে এটার সঙ্গে জড়িত, তখন তো ২০ লাখ ছেলেমেয়ের পরীক্ষা বাতিল করা ঠিক হবে না।'
ওটা বাতিলের সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে সচিব বলেন, 'হতে পারে। আমরা সুপারিশ করবো। কিন্তু বাতিল করবে কিনা, এটা তো অথরিটির বিষয়।'
আগামী ২৫ ফেব্রুয়ারি কমিটি আবার বৈঠকে বসবে এবং ২৬ ফেব্রুয়ারি আবার গণমাধ্যমকে জানানো হবে বলে জানান সচিব।
আপনার মন্তব্য