২৬ ফেব্রুয়ারি , ২০১৮ ১৩:১৫
জিয়া দাতব্য ট্রাস্টের দুর্নীতি মামলায় আগামী ১৩ মার্চ পর্যন্ত খালেদা জিয়ার জামিনের মেয়াদ বৃদ্ধি করেছেন আদালত। একই সঙ্গে ওই দিন এ মামলার যুক্তিতর্কের জন্য দিন ধার্য করা হয়েছে।
এতিমখানা দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজায় কারাবন্দি খালেদার আইনজীবীদের আবেদনে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান সোমবার এ আদেশ দেন। একই আদালত গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।
খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন এ জে মোহাম্মদ আলী, আমিনুল ইসলাম, সানাউল্লাহ মিয়া, জাকির হোসেন প্রমুখ। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী ছিলেন মোশাররফ হোসেন কাজল।
এর আগে ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা দেওয়া হয় খালেদা জিয়াকে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
প্রসঙ্গত, দুদক ২০১০ সালের ৮ অগাস্ট জিয়া দাতব্য ট্রাস্টের নামে আসা ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে তেজগাঁও থানায় এ মামলা দায়ের করে।
২০১২ সালের ১৬ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চার জনকে আসামি করে দুদকের তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদ আদালতে অভিযোগপত্র দেন।
খালেদা জিয়ার একান্ত রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিআইডব্লিউটিএয়ের নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানও এ মামলায় আসামি।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে এতিমখানা দুর্নীতি ও দাতব্য ট্রাস্ট দুর্নীতিসহ মোট ৩৪টি মামলা রয়েছে দেশের বিভিন্ন আদালতে।
আপনার মন্তব্য