২৭ ফেব্রুয়ারি , ২০১৮ ০০:৩৬
ছবি: জীবন আহমেদ
উগ্র ধর্মীয় মৌলবাদীদের হামলায় নিহত বিজ্ঞান লেখক অভিজিৎ রায়কে এক সঙ্গে স্মরণ করা হয়েছে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে। অভিজিৎ হত্যার তৃতীয় বার্ষিকীতে মোমবাতি জ্বালিয়ে স্মরণ করা হয় দুই বাংলায় পরিচিতি পাওয়া এই লেখককে।
তিন বছর আগে একুশের বইমেলা থেকে ফেরার পথে টিএসসির ঠিক যে স্থানটিতে অভিজিৎ রায়কে হত্যা করা হয়েছিল, ঠিক সেখানেই মোমবাতি প্রজ্বলন ও শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করে আসছে মুক্তমনা লেখকদের একটি প্ল্যাটফর্ম ‘পূর্ব পশ্চিম’।
পূর্ব পশ্চিমের উদ্যোগে ভারতের পশ্চিমবঙ্গেও একই সময়ে পালিত হয়েছে এই স্মরণানুষ্ঠান। বারাসাত স্টেশন চত্বরে স্মরণ করা হয় লেখালেখি করে ওপার বাংলাতেও খ্যাতি পাওয়া অভিজিৎ রায়কে।
এক মিনিট নীরবতা পালনের মধ্যে শুরু হয় এই আয়োজন। মোমবাতি প্রজ্বলনের পরে অভিজিৎ রায়ের স্থিরচিত্রে ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।
টিএসসিতে এসময় উপস্থিত ছিলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, ছাত্র ইউনিয়ন নেতা জিলানী শুভ, ব্লগার প্রিন্স, ব্লগার জীবনানন্দ জয়ন্ত, আকরামুল হক, চলচ্চিত্র পরিচালক রাকিবুল হাসানসহ ব্লগার ও লেখকরা।
চলচ্চিত্র পরিচালক রাকিবুল হাসান বলেন, 'সরকার লেখক, ব্লগার ও মুক্তমনাদের হত্যাকাণ্ড বেমালমু চেপে যেতে বসেছিল। কিন্তু গুলশানের হলি আর্টিজান ট্র্যাজেডির পর সেসব ঘটনা আর ধামাচাপা দিতে পারেনি। সরকার এখন যথেষ্ট সচেতন হয়েছে। কিন্তু এই সচেতনতা প্রয়োজন ছিল আরও আগে। তাহলে হয়ত আমাদের অভিজিৎ রায়দের হারাতে হত না।'
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বাংলা একাডেমির একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে ইসলামী জঙ্গিদের চাপাতির কোপে নিহত হন অভিজিৎ রায়। তার স্ত্রী বন্যা আহমেদও একই সময়ে নিষ্ঠুর হামলার শিকার হন। গুরুতরভাবে আহত হলেও প্রাণে বেঁচে যান তিনি।
ছবি: চ্যানেলআই অনলাইন ও জীবন আহমেদ
আপনার মন্তব্য