সিলেটটুডে ডেস্ক

২৮ ফেব্রুয়ারি , ২০১৮ ২৩:৩৩

শেষ হলো বইমেলা, গড়েছে বিক্রির রেকর্ড

মাসজুড়ে বাঙালির প্রাণের বই মেলা আজ শেষ হলো । যেতে দিতে না চাইলেও সময় তার স্বাভাবিক নিয়মেই চলে। বই প্রেমীদের আবারও প্রাণের উৎসবে মিলিত হতে এক বছরের অপেক্ষায় রেখে বিদায় নিলো বইমেলা।

অমর একুশের গ্রন্থমেলার শেষ দিনে বই বিক্রির ধুম লেগেছিল। পাঠকরা শেষ দিনে তাদের পছন্দের বই কিনতে সারাটা সময়ই ব্যস্ত ছিল। অবশ্য বই মেলার শেষের কয়েকদিন ধরেই বিক্রি ছিল অনেক বেশি।

শেষ দিনে বই মেলার বাংলা একাডেমী ও সোহরাওয়ার্দী উদ্যান উভয় পাশেই ছিল লক্ষণীয় পরিমাণের পাঠকদের ভিড় দেখা যায়। সন্ধ্যা ০৭ টার দিকেও দেখা যায় অনেক পাঠক লাইন ধরে মেলায় ঢুকছেন।

মেলার শেষদিনে প্রথমার স্টলে লেখক আনিসুল হককে দেখা যায় পাঠকদের অটোগ্রাফ দিতে। জনপ্রিয় ইউটিউবার আইমান সাদিক মেলায় আসলে তাকে নিয়ে সেলফি তোলা আর অটোগ্রাফ নেবার জন্য হুড়োহুড়ি লেগে যায়।

প্রকাশকদের সাথে কথা বলে জানা যায়, এবারের বই মেলায় গতবারের চেয়ে ভাল বেচা কেনা হয়েছে। পাঠক সমাগমও ছিল তুলনামূলক বেশি।

মেলায় আসা আসাদুল হকের সাথে কথা হয় মেলার শেষ দিনে তিনি বলেন, ভাই আজকে শেষ দিন তাই পছন্দের সব বই কিনে নিচ্ছি। না হলেত আবার এক বছর অপেক্ষা করতে হবে।’

অন্য যেকোন বারের তুলনায় বই বিক্রির রেকর্ড গড়েছে এবারের বইমেলা। মাসব্যাপী অমর একুশে বইমেলায় সব মিলিয়ে বিক্রি হয়েছে ৭০ কোটি ৫০ লাখ টাকার বই যা গত বছরের চেয়ে পাঁচ কোটি টাকা বেশি। এবারে মেলায় মোট বই এসেছে মোট চার হাজার পাঁচশত একানব্বইটি।

বাংলা একাডেমির তথ্য অনুযায়ী, ২০১৭ সালে ৬৫ কোটি ৪০ লাখ টাকার বই বিক্রি হয়েছিল, যা ছিল তার আগের বছরের চেয়ে ২৩ কোটি টাকা বেশি।

বইপ্রেমী মানুষের সরব উপস্থিতি, আবেগ-উচ্ছ্বাস ও ভালোবাসায় ফেব্রুয়ারি মাসজুড়ে মেলা প্রাঙ্গণ ছিল প্রাণচাঞ্চল্যে ভরপুর। লেখক-প্রকাশক-শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ অমর একুশে গ্রন্থমেলার আয়োজনকে সার্থক করেছে।

আপনার মন্তব্য

আলোচিত