০২ মার্চ, ২০১৮ ০২:২১
আজ ২ মার্চ, ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগ্রামী ছাত্র সমাজের উদ্যোগে কলাভবন প্রাঙ্গণে এক ছাত্র সমাবেশে বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। পতাকা প্রথম উত্তোলন করেন তৎকালীন ছাত্রনেতা আ স ম আবদুর রব।
১৯৭০ সালের ৭ জুন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত ছাত্রদের এক সামরিক কুচকাওয়াজের বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের অংশগ্রহণের কথা ছিল। এই লক্ষ্যে ছাত্রদের নিয়ে ‘জয় বাংলা বাহিনী’ কারো কারো মতে ‘১৫ ফেব্রুয়ারি বাহিনী’ গঠন করা হয়। ওইসময় ছাত্র বাহিনীরা একটি পতাকা তৈরির সিদ্ধান্ত নেয়। ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের (সাবেক ইকবাল হল) ১০৮ নম্বর কক্ষে ছাত্রলীগ নেতা আ স ম আবদুর রব, শাহজাহান সিরাজ, কাজী আরেফ আহমেদ, মার্শাল মনিরুল ইসলাম পতাকার পরিকল্পনা নিয়ে বৈঠক করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা স্বপন কুমার চৌধুরী, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক হাসানুল হক ইনু ও ছাত্রনেতা ইউসুফ সালাউদ্দিন আহমেদ, জগন্নাথ কলেজের ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম, কুমিল্লা জেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রনেতা শিবনারায়ণ দাশ।
সভায় কাজী আরেফের প্রাথমিক প্রস্তাবনার ওপর ভিত্তি করে সবার আলোচনার শেষে সবুজ জমিনের ওপর লাল সূর্যের মাঝে হলুদ রঙের বাংলার মানচিত্র খচিত পতাকা তৈরির সিদ্ধান্ত হয়। কামরুল আলম খান (খসরু) তখন ঢাকা নিউ মার্কেটের এক বিহারি দর্জির দোকান থেকে বড় এক টুকরো সবুজ কাপড়ের মাঝে লাল একটি বৃত্ত সেলাই করে আনেন। এরপর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিতুমীর হলে (সাবেক কায়েদে আজম হল) ৩১২ তে বসে ট্রেসিং পেপারে পতাকাটি আঁকা হয়। ছাত্রনেতা শিবনারায়ণ দাশ তার নিপুণ হাতে লাল বৃত্তের মাঝে আঁকেন বাংলার মানচিত্র।
একাত্তরের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রথম লাল-সবুজের পতাকা উত্তোলন করেন ছাত্রনেতা আ স ম আবদুর রব। পরদিন ৩ মার্চ বঙ্গবন্ধুর উপস্থিতিতে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন মোহাম্মদ শাজাহান সিরাজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম নিজ হাতে জাতীয় পতাকা উত্তোলন করেন ২৩ মার্চ ধানমন্ডিতে তার নিজ বাসভবনে। বিদেশের মাটিতে সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় ১৮ এপ্রিল ভারতের কলকাতায় বাংলাদেশ মিশনে।
২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘পতাকা উত্তোলন দিবস’ উদযাপন করা হবে। এ উপলক্ষে বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবন-সংলগ্ন ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। এরপর দিবসটির তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও সংগীত পরিবেশন করা হবে।
আপনার মন্তব্য