সিলেটটুডে ডেস্ক

০৬ মার্চ, ২০১৮ ১৮:০৭

৮ মার্চ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন ফেরদৌসি প্রিয়ভাষিণী

মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে আগামী ৮ মার্চ বাদ জোহর জানাজার পর সমাহিত করা হবে ফেরদৌসি প্রিয়ভাষিণীকে। তার আগে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ওই দিন সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত তার মরদেহ শহীদ মিনারে রাখা হবে। সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ফেরদৌসি প্রিয়ভাষিণীর বড় ছেলে কারু তিতাস।

তিনি জানান, আমার ভাই শাকের তুর্য বুধবার অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরবে। তাছাড়া আগামীকাল ৭ মার্চ জাতীর জনকের ঐতিহাসিক ভাষণের দিন বলে আমরা আগামী বৃহস্পতিবার দাফনের সিদ্ধান্ত নিয়েছি। ওই দিন শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দাফন করা হবে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। ততক্ষণ পর্যন্ত মরদেহ ল্যাব এইডের হিমঘরে রাখা হবে বলে জানান কারু তিতাস।

প্রখ্যাত ভাস্কর, মুক্তিযোদ্ধা ফেরদৌসি প্রিয়ভাষিণী মঙ্গলবার দুপুর ১২ টা ৪৫ মিনিটে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

আপনার মন্তব্য

আলোচিত