০৭ মার্চ, ২০১৮ ১২:৪০
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে জনসভাকে কেন্দ্র করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে জনতার ঢল নেমেছে। আসতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা বিভিন্ন যান ও পায়ে হেঁটে জড়ো হচ্ছেন উদ্যানে। সবাই ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে যোগ দিতেই সকাল থেকে ছুটে আসছেন।
নেতাকর্মীরা দলের নৌকা প্রতীক, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে জনসভাস্থলে এসে জড়ো হচ্ছেন। এসময় অনেককেই লাল-সবুজ গেঞ্জি পরে থাকতে দেখা যায়। এছাড়া যারা পিকআপে করে জনসভাস্থলে এসেছেন সেসব পিকআপে ৭ মার্চের ভাষণ বাজছে।
এদিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দুপুরে বক্তব্য রাখবেন এ সমাবেশে। সমাবেশে সভাপতিত্বও করবেন তিনি।
সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা উপলক্ষে ইতোমধ্যে আশপাশের সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। মৎস্যভবন থেকে শাহবাগ ও শাহবাগ থেকে টিএসসি এবং দোয়েল চত্বর এলাকাও বন্ধ রয়েছে। তবে জনসভাকে কেন্দ্র করে কাকরাইল থেকে হাইকোর্ট এলাকায় যান চলাচল শিথিল রয়েছে।
এদিকে জনসভা ও প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জনসভাস্থলের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি চালাচ্ছে। এছাড়া জনসভাস্থলের আশপাশে বিপুল পরিমাণে র্যাব, পুলিশ মোতায়েন রয়েছে।
৭ মার্চ ভাষণ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার দুপুর ২টার দিকে জনসভা শুরু হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতির ভাষণে তিনি ৭ মার্চের ভাষণের বিভিন্ন দিক নেতাকর্মীদের মধ্যে তুলে ধরবেন।
এর আগে ৭ মার্চ উপলক্ষে আজ সকাল সাড়ে ৬টার দিকে আওয়ামী লীগের দলীয় কর্মসূচি শুরু হয়। সকাল ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
আপনার মন্তব্য