সিলেটটুডে ডেস্ক

০৭ মার্চ, ২০১৮ ১২:৪৭

সুস্থ হয়ে উঠছেন জাফর ইকবাল, হাসপাতালে বসেও লিখছেন

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন হামলায় আহত অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। হাসপাতালেও বসেও পত্রিকা পড়ছেন এবং লিখছেন তিনি। তবে এখনো ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন বরেণ্য এই লেখক।

বুধবার শহাজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচীতে সংহতি প্রকাশ করে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ বলেন, জাফর স্যার এখন অনেকটা সুস্থ হয়ে উঠছেন। তাঁর সাথে আমার কথা হয়েছে। তিনি ভালো আছেন। পত্রিকাও পড়ছেন।

এদিকে, দৈনিক সমকালে প্রকাশিত এক সংবাদ থেকে জানা গেছে, মঙ্গলবার হাসপাতালে বিছানায়ই পত্রিকা পাশে রেখে কলম নিয়ে খাতায় লিখতে শুরু করেন জাফর ইকবাল।

জাফর ইকবালের চিকিৎসকরা জানালন, তিনি এখন অনেকটাই সুস্থ। মঙ্গলবার তাকে একটি ইংরেজিসহ তিনটি পত্রিকা পড়তে দেওয়া হয়েছে বলে জানান চিকিৎসকরা। হাসপাতালে মাঝে মধ্যে বইও পড়ছেন ড. জাফর ইকবাল। সরবরাহ করা হচ্ছে তার পছন্দের খাবার। জাফর ইকবালের স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হকের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসকরা জেনে নিয়েছেন পছন্দের খাবার তালিকা। সেই অনুযায়ী মঙ্গলবার জাফর ইকবালকে তার পছন্দের আইড় ও রুই মাছ খেতে দেওয়া হয়। তিনি সোমবার থেকেই স্বাভাবিক খাবার খেতে শুরু করেছেন।

কবে নাগাদ জাফর ইকবাল হাসপাতাল ছাড়তে পারবেন, সে ব্যাপারে সংশ্নিষ্ট একজন চিকিৎসক জানান, জাফর ইকবাল সুস্থ হয়ে উঠলেও তার হাসপাতাল ছাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। হয়ত আরও কয়েক দিন থাকতে হবে।

হাসপাতালে জাফর ইকবালের সেবা-শুশ্রূষায় যারা নিয়োজিত তাদের খোঁজ-খবর নিচ্ছেন জাফর ইকবাল। তারা কাছে গেলে কুশল বিনিময় করছেন।

গত সোমবার আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাফর ইকবাল বর্তমানে সচেতন ও আশঙ্কামুক্ত আছেন। দ্রুত আরোগ্য ও সংক্রমণ রোধের জন্য হাসপাতালে আপাতত দর্শনার্থী প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

গত শনিবার শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলায় আহত হন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। আহত হওয়ার পর তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নেওয়া হলে সেখানে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে ওই দিন তাকে ঢাকায় সিএমএইচে হেলিকপ্টারে স্থানান্তর করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত