০৭ মার্চ, ২০১৮ ১৪:৪৬
খালেদা জিয়ার সাথে দেখা করতে আজ বিকালে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে যাচ্ছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। দুর্নীতি মামলার রায়ে খালেদা কারাগারে যাওয়ার পর আজই প্রথমবারের মত তারা দলীয় নেত্রীর সাথে দেখা করার সুযোগ।
খালেদার সাথে দেখা করার জন্য ইতিমধ্যে কারাগার কর্তৃপক্ষের অনুমতি পাওয়া গেছে বলে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন।
তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ১০ জনের একটি প্রতিনিধিদল বিকাল সাড়ে ৩টায় নাজিমুদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারে যাবেন।
মহাসচিবের সাথে আর যারা যাবেন তারা হলেন, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী ও খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব এবিএম আব্দুস সাত্তার।
দলীয় সূত্র জানায়, নেতারা খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিবেন ও আইনি লড়াই নিয়ে আলোচনা করবেন।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার একটি বিশেষ জজ আদালত তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দেন।
আপনার মন্তব্য