০৭ মার্চ, ২০১৮ ২১:০৯
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন পরিচালনা করে যাওয়ার পরামর্শ দিয়েছেন খালেদা জিয়া।
বুধবার (৭ মার্চ) বিকেলে নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারে দলীয় প্রধানের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
শান্তিপূর্ণ কর্মসূচি থেকে নেতাদের গ্রেপ্তার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, তারা (পুলিশ) আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ইচ্ছাকৃতভাবে উসকানি দিচ্ছে। খালেদা জিয়া এ ধরনের উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করতে বলেছেন।
তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো আছে। কারাগারে খালেদা জিয়ার মনোবল অত্যন্ত উঁচু রয়েছে। তিনি সব ধরনের পরিস্থিতি সাহসিকতার সঙ্গে মোকাবিলা করছেন। দেশের জন্য যেকোনো ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছেন তিনি। এক দিন সত্য প্রতিষ্ঠিত হবেই বলে মনে করেন খালেদা জিয়া।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী কারা অন্তরীণ হওয়ার পর থেকে আমরা যৌথ নেতৃত্বে দল ও আন্দোলন পরিচালনা করছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের (তারেক রহমান) সঙ্গে পরামর্শ করেই আমরা সব সিদ্ধান্ত গ্রহণ করছি।
এর আগে বুধবার বেলা তিনটার দিকে দলীয় প্রধানের সঙ্গে দেখা করতে নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারে প্রবেশ বিএনপি নেতারা। পরে সাক্ষাৎ শেষে বিকেল ৪টা ৩৫ মিনিটে কারাগার থেকে বেরিয়ে আসেন।
অনুমতি সাপেক্ষে দলটির ১০ নেতার খালেদা জিয়ার সঙ্গে দেখা করার কথা রয়েছে বলে এর আগে মঙ্গলবার রাতে বিএনপির একটি সূত্র জানিয়েছিল।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কারাগারে দেখা করতে যাওয়া নেতাদের মধ্যে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার জমির উদ্দিন এবং চেয়ারপারসনের একান্তসচিব এ বি এম আব্দুস সাত্তার।
আপনার মন্তব্য