সিলেটটুডে ডেস্ক

০৮ মার্চ, ২০১৮ ১৭:৪৮

রোববার খালেদার জামিন বিষয়ে আদেশ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে থাকা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশের জন্য রোববার (১১ মার্চ) দিন ধার্য করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৮ মার্চ) খালেদা জিয়ার আইনজীবীরা জামিন আবেদনের বিষয়টি আদালতের নজরে আনলে আদেশের জন্য এ দিন ধার্য করেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ।

এ বিষয়ে খালেদার আইনজীবী জয়নুল আবেদীন বলেন, বিচারিক আদালত থেকে ১৫ দিনের মধ্যে নথি আসার কথা। আজ ১৬ দিন চলছে। তাই আমরা খালেদার জামিন আবেদনটি আদেশের জন্য রাখার অনুরোধ জানিয়েছিলাম। বিচারক তখন বিষয়টি রোববার আদেশের জন্য কার্যতালিকায় রাখার কথা বলেন।

রায়দানকারী ৫ নম্বর বিশেষ জজ আদালতের পেশকার মোকাররম বলেন, “ইনশাল্লাহ রোববার আমরা মামলার নথিপত্র উচ্চ আদালতে পাঠিয়ে দেব”।

এদিকে খালেদা জিয়ার সাথে সাক্ষাতের জন্য কারাগারে গিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ।

সানাউল্লাহ মিয়া বলেন, ‘আমরা খালেদা জিয়ার সাথে দেখা করার অনুমতি পেয়েছি। বিকেল সোয়া ৪টার দিকে কারাফটকে এসেছি। এখন অপেক্ষা করছি। ম্যাডামকে আনা হলে আমরা ভেতরে প্রবেশ করব। আমরা আশা করছি বিকেল ৫টার দিকে আমরা কারাগারে প্রবেশ করতে পারব।’

কি বিষয়ে দেখা করবেন জানতে চাইলে সানাউল্লাহ মিয়া বলেন, ‘আমরা ম্যাডামের সাথে জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট মামলা ও জামিনের বিভিন্ন বিষয়ে আলোচনা করব। মূলত আমরা আইনি বিষয়ে কথা বলব ম্যাডামের সাথে।’

এসময় আরো উপস্থিত ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, আবদুর রেজাক খান, জয়নুল আবেদীন ও মাহাবুব উদ্দিন খোকন।

উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি দুপুর ২টা ২৯ মিনিটে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় খালেদা জিয়াকে। বর্তমানে এই কারাগারেই আছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

আপনার মন্তব্য

আলোচিত