০৮ মার্চ, ২০১৮ ১৯:০৪
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ৭ মার্চের জনসভাকে কেন্দ্র করে রাজধানীর বাংলামোটরসহ কয়েক স্থানে নারীদের হয়রানির করার ভিডিও ফুটেজ হাতে এসেছে। ফুটেজ দেখে দোষীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্র্যাক স্কুল অব পাবলিক হেলথ আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ওই ছাত্রীর আক্রান্ত হওয়ার ভিডিও ফুটেজটি আমরা হাতে পেয়েছি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা যে দলেরই হোক কোনো ছাড় পাবে না।’
অপরাধীদের আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যে দলেরই হোক তাকে ছাড় দেওয়া হবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
গতকাল ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে যোগ দেন দলের নেতাকর্মীরা। এ ধরনের একটি মিছিল থেকে বাংলামোটরে এক ছাত্রীকে শ্লীলতাহানি করা হয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন আক্রান্ত ওই ছাত্রী। ফেসবুকে নিজের আক্রান্ত হওয়ার ঘটনার পূর্ণ বিবরণ দেন তিনি। মুহূর্তের মধ্যেই এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করে। ক্ষোভের সৃষ্টি করে বিভিন্ন মহলে। এ ছাড়া আরো কয়েকজন শ্লীলতাহানির অভিযোগ করে ফেসবুকে পোস্ট দেন।
আপনার মন্তব্য