০৮ মার্চ, ২০১৮ ২০:১৫
জনপ্রিয় লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমানের ভাই এনামুলকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম।
বৃহস্পতিবার (৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে তাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ফয়জুরের ব্যবহৃত মোবাইল ফোন ও ট্যাব উদ্ধার করে পুলিশের বিশেষ এ ইউনিট।
এ তথ্যটি নিশ্চিত করে কাউন্টার টেরোরিজম ইউনিটের ডিসি মহিবুল ইসলাম খান জানান, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার পর ফয়জুরের মোবাইল ফোন ও ট্যাব নিয়ে পালিয়ে যায় এনামুল। গাজীপুর থেকে ওই মোবাইল ফোন ও ট্যাবসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে মোবাইল ফোন ও ট্যাব ঘেঁটে তাদের জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃক্তার আলামত পাওয়া গেছে।
এদিকে বৃহস্পতিবার দুপুরে ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় ফয়জুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগর হাকিম (তৃতীয়) হরিদাস কুমার এই আদেশ দেন।
গত ৩ মার্চ বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে ফয়জুর ছুরি নিয়ে অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা চালান। হামলার পরপরই ফয়জুর নামে ওই তরুণকে ধরে ফেলে শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ ঘটনায় ফয়জুরের মামা ও চাচাকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনী। ঘটনার দিন ৩ মার্চ রাতেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন জালালাবাদ থানায় হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করেন। পরের দিন রোববার তা সন্ত্রাস দমন আইনের মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এরপর থেকে পুলিশি হেফাজতে ছিলেন ফয়জুর।
আপনার মন্তব্য