০৮ মার্চ, ২০১৮ ২১:৪৭
ভবিষ্যতে পুলিশে নারীর সদস্য সংখ্যা আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী।
বৃহস্পতিবার (৮ মার্চ) সকালে রাজধানীর পুলিশ সদর দপ্তরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আইজিপি এ কথা বলেন।
ড. জাবেদ পাটোয়ারী বলেন, নারী ক্ষমতায়নে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের মধ্যে পুলিশে জনবল বৃদ্ধি করাও একটি সময়োচিত পদক্ষেপ।
আইজিপি বলেন, সর্বপ্রথম ১৯৭৪ সালে পুলিশে ১৪ জন নারী সদস্য যোগ দেয়, যা বর্তমানে প্রায় ১২ হাজারে এসে দাঁড়িয়েছে। এটা মোট জনবলের সাড়ে ৬ শতাংশ।
বর্তমানে পুলিশে নারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে জাবেদ পাটোয়ারী বলেন, আমাদের অনেক মেধাবী নারী সহকর্মী এখন পুলিশ যোগদান করছেন। সেটা যেকোনো পর্যায়ের হোক না কেন—কনস্টেবল পর্যায়ের, সার্জেন্ট সাব-ইন্সপেক্টর পর্যায়ের, এএসপি পর্যায়ের এবং বিভিন্ন স্তরে, বিভিন্ন জায়গায় আমাদের নারী সহকর্মীরা তাদের উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন।’
পরে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের একটি শোভাযাত্রা পুলিশ সদর দপ্তর হয়ে কার্জন হল মোড় ঘুরে দোয়েল চত্বরে এসে শেষ হয়।
আপনার মন্তব্য