১১ মার্চ, ২০১৮ ১৩:০৪
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার নথি নিম্ন আদালত থেকে হাই কোর্টে পাঠানো হয়েছে। রোববার দুপুর সোয়া ১২টার দিকে ৫৩৭৩ পৃষ্ঠার নথি টিনের বাক্সে তালাবন্দি অবস্থায় পাঠানো হয়। এই মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বর্তমানে কারান্তরিন রয়েছেন।
ঢাকার বিশেষ আদালত-৫ এর পেশকার মোকাররম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
হাই কোর্ট গত ২২ ফেব্রুয়ারি নথি চেয়ে নিম্ন আদালতকে আদেশ দেন। নথি পাওয়ার পর খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ দেবেন আদালত। আদেশের দিন সোমবার ঠিক করেছেন আদালত। রোববার জামিন আদেশের শুনানি বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট ডিভিশন বেঞ্চে থাকলেও নথির জন্যে এদিন কোন আদেশ দেন নি আদালত। হাই কোর্ট জামিন আদেশ দেবেন সোমবার।
এদিকে, রোববার সকালে শুনানির শুরুতে খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন জামিনের বিষয়ে আদেশ চান। তিনি শুনানিতে বলেন, ‘আপনাদের ক্ষমতা আছে আদেশ দেওয়ার জন্য। নথিও চেয়েছিলেন কিন্তু সেটি আসেনি। তারপরও আমরা জামিনের আদেশ চাইছি।’
আদালত এ বিষয়ে বলেন, ‘নথি আসার দিন আজ (রোববার) পর্যন্ত আছে। নথি পাঠানোর বিষয়ে আমাদের আদেশ কতটুকু বাস্তবায়িত হয়েছে সেটিও দেখার বিষয়। জামিন আদেশটি আগামীকালের জন্য রাখি। নট টুডে।’
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত হওয়ার দিন থেকেই খালেদা জিয়া কারাগারে রয়েছেন। তারেক রহমান পলাতক রয়েছে।
আপনার মন্তব্য