১২ মার্চ, ২০১৮ ২১:০৮
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, নির্বাচনী বছরে অনেক ঋণ খেলাপিকে ছাড় দেয়া হয়। নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিতে ঋণ রিশিডিউল করা হয়। কিন্তু এ বছর সে সুযোগ কোনোভাবেই দেয়া হবে না।
সোমবার (১২ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অর্থনীতিবিদ ও পেশাজীবীদের নিয়ে প্রাক বাজেট আলোচনা সভায় অংশ নিয়ে সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের ঋণ খেলাপিরা নির্বাচনের আগে ছাড় পায় এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে একথা বলেন অর্থমন্ত্রী।
সিপিডির চেয়ারম্যান বলেন, নির্বাচনী বছরে অনেক ঋণখেলাপি নির্বাচন করার জন্য ঋণ রিশিডিউল করবে। এর ফলে খেলাপিরা উৎসাহিত হয়। খেলাপি বাড়ে। ঋণ খেলাপিদের বিষয়ে সরকারকে আরও কঠোর হতে হবে বলে তিনি মনে করেন।
জবাবে অর্থমন্ত্রী বলেন, ডিফল্ট কালচার নিয়ে বহু বছর ধরে কাজ চলছে। এই কালচার চলেই আসছে আগে থেকে। এখন দুশ্চিন্তার বিষয় হয়ে উঠেছে। নির্বাচনের আগে অনেকে খেলাপি থেকে অব্যাহতি পান। এটা হয়, কিন্তু এবার এটা কোনোভাবেই হবে না।
রেহমান সোবহান আরও বলেন, ব্যাংক ডিফল্ট একটা রীতি হয়ে গেছে। এর সঙ্গে জড়িতদের সামাজিকভাবে হেয় করা হয় না বলেই এমনটা ঘটছে। ব্যাংকের কাঠামোগত সংস্কার দরকার। তা না হলে এগুলো ঘটতেই থাকবে
প্রকল্প বাস্তবায়ন বিষয়ে তিনি বলেন, বার বার প্রকল্প সংশোধন কমাতে হবে। এর ফলে সরকার যে বিনিয়োগ করে তার সুফল পায় না। ঋণ খেলাপিদের বিষয়ে সরকারকে আরও কঠোর হতে হবে। জবাবে অর্থমন্ত্রী বলেন, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের গতি বেড়েছে।
আপনার মন্তব্য